কুমিল্লা জেলা প্রশাসনে প্রায় অর্ধেক পদই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবলের সংকটে জর্জরিত কুমিল্লা জেলা প্রশাসন। সেখানকার গুরুত্বপূর্ণ ৬৬টি পদের মধ্যে বর্তমানে ৩০টিই শূন্য। জ্যেষ্ঠ সহকারী কমিশনারের ১২টি পদও শূন্য রয়েছে প্রায় দেড় বছর ধরে। এ অবস্থায় জোড়াতালি দিয়েই চলছে জেলা প্রশাসনের কর্মকাণ্ড।জানা গেছে, ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) পদটি শূন্য। বর্তমানে ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাঈদ মাহবুব খান।একই সঙ্গে নেজারত ডেপুটি কালেক্টর, রেভিনিউ ডেপুটি কালেক্টর, ভূমি হুকুমদখল কর্মকর্তা, জেনারেল সার্টিফিকেট অফিসার ও প্রশাসনিক কর্মকর্তার একটি করে পদ খালি রয়েছে। জ্যেষ্ঠ সহকারী কমিশনারের ১২টি পদের সব কটিই দেড় বছর ধরে শূন্য পড়ে রয়েছে। সহকারী কমিশনারের নয়টি পদের মধ্যে একটি শূন্য হলেও তাঁদের পাঁচজন দীর্ঘদিন ধরে ছুটিতে রয়েছেন। বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন সহকারী কমিশনার। অন্যদিকে ১০ জন শিক্ষানবিশ সহকারী কমিশনারের মধ্যে দুজন প্রশিক্ষণে রয়েছেন। কুমিল্লার ১৬টি উপজেলার ১৬ জন সহকারী কমিশনারের (ভূমি) মধ্যে ছয়টি উপজেলায় এই পদ শূন্য রয়েছে। জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তার দুটি পদের মধ্যে একটি শূন্য।জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থান ও উন্নত যোগাযোগব্যবস্থার কারণে কুমিল্লা জেলায় প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আনাগোনা রয়েছে। তাঁদের প্রোটোকলের জন্য সহকারী কমিশনারদের সব সময় ব্যস্ত থাকতে হয়।এ ছাড়া রয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, উচ্ছেদ অভিযান, ২০টি শাখার দৈনন্দিন কাজ, ফৌজদারি কোর্ট পরিচালনা, হরতালের দায়িত্ব, সভা সমন্বয়করণ, অর্পিত সম্পত্তির মামলা পরিচালনা, খতিয়ান সরবরাহ ও ভূমি অধিগ্রহণের কাজ। এসব কাজের জন্য জনবলের সংকট তীব্র আকার ধারণ করেছে।জানতে চাইলে জেলা প্রশাসক রেজাউল আহসান বলেন, ‘লোকবলের সংকটের কারণে সার্বিক কার্যক্রম চালাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। জ্যেষ্ঠ সহকারী কমিশনারের ১২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের দিয়ে কোনো রকমে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। কুমিল্লায় অর্পিত সম্পত্তি নিয়ে আট হাজার মামলা রয়েছে। মামলাগুলো পরিচালনা করতেও বেগ পেতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’