কুমিল্লা জেলা প্রশাসনে ৩৩ পদই শূন্য
কুমিল্লা জেলা প্রশাসনে লোকবল-সংকট দেখা দিয়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদগুলো শূন্য থাকায় কণিষ্ঠদের দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। একাধিক দায়িত্ব পালন করতে গিয়ে কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। বর্তমানে শিক্ষানবিশ কর্মকর্তাদের দিয়েই চলছে গুরুত্বপূর্ণ কাজ।জেলার ৬৬ পদের মধ্যে ৩৩টি পদই শূন্য। গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে লোকবল-সংকটের বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানান দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার ১৬ উপজেলার মধ্যে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য। জেলা প্রশাসকের কার্যালয়ের শীর্ষ পাঁচটি পদের মধ্যে সব কয়টিই খালি। এগুলো হচ্ছে: স্থানীয় সরকার শাখার উপপরিচালক, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), ভূমি হুকুম দখল কর্মকর্তা, রেভিনিউ ডেপুটি কালেক্টর ও জেনারেল সার্টিফিকেট অফিসার।অন্যদিকে সিনিয়র সহকারী কমিশনারের ১২টি পদের মধ্যে সব কয়টিই শূন্য। সহকারী কমিশনারের (ভূমি) ১৬টি পদের মধ্যে ছয়টি পদই শূন্য। সহকারী কমিশনারের নয়টি পদের মধ্যে আটটি পদই শূন্য। প্রশাসনিক কর্মকর্তার দুটি পদের মধ্যে একটি শূন্য।জেলা প্রশাসনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, শীর্ষ পদগুলো খালি থাকায় শিক্ষানবিশ আট কর্মকর্তাকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে শিক্ষানবিশরা প্রশিক্ষণের স্বার্থে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন। কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘সারা দেশেই এ ধরনের লোকবল-সংকট রয়েছে। গুরুত্বপূর্ণ শাখার কর্মকর্তাদের পদগুলো শূন্য থাকায় সবাইকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে। আমরা প্রতি মাসেই মন্ত্রণালয়ে জনবল-সংকটের বিষয়টি অবহিত করে থাকি। মন্ত্রণালয় লোক দিলেই কেবল সেগুলো পূরণ হবে। তার পরও আমরা সমন্বয় করে কাজ করে যাচ্ছি।’