কুমিল্লা জেলা যুব ও ছাত্রদল সভাপতিসহ ১১ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কর্মী দেলোয়ার হোসেন হত্যা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতিসহ ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় মামলার আসামিদের মধ্যে ওই ১১ জন কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম সফিকুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকালই তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে জামিন নেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন এবং ছাত্রদলের সভাপতি উদবাতুল বারী ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার।
এদিকে এই নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ মঙ্গলবার কুমিল্লা নগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা যুবদল ও ছাত্রদল। বিএনপি এই হরতালে সমর্থন দিয়েছে। তবে এসএসসি ও দাখিল পরীক্ষা এর আওতামুক্ত থাকবে।
গত বছরের ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের বিক্ষোভ মিছিল চলাকালে কুমিল্লা নগরের মনোহরপুর সোনালী ব্যাংক এলাকায় পুলিশ ও জোটের নেতা-কর্মীদের সংঘর্ষকালে দেলোয়ার হোসেন নিহত হন।
ওই ঘটনায় কোতোয়ালি মডেল থানার পুলিশ বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৯ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে মামলা করে।
খবরের প্রতিবাদ
গত রোববার প্রথম আলোয় ‘মন্ত্রীর সময় নেই, হচ্ছে না কুচকাওয়াজ’ শিরোনামে প্রকাশিত খবরের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট (পশ্চিম) মো. আমিনুর রশীদ। এক প্রতিবাদপত্রে তিনি বলেছেন, মন্ত্রীর সময় না পাওয়ায় সমাপনী কুচকাওয়াজ বিলম্ব হচ্ছে—এ ধরনের বক্তব্য লিখিত বা মৌখিকভাবে বা আকারে-প্রকারে কখনোই এবং কোনোভাবেই তিনি দেননি।
তিনি আরও উল্লেখ করেছেন, গত বছর হরতাল-অবরোধের সময় রেলওয়েতে নাশকতা প্রতিরোধে নতুন নিয়োগপ্রাপ্ত প্রহরীদের ‘অন জব ট্রেনিং’ হিসেবে বিভিন্ন স্টেশন ও ইয়ার্ডে মোতায়েন করা হয়। ফলে তাঁদের ছয় মাসের প্রশিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ হয়নি। সমাপনী কুচকাওয়াজের কোনো দিনক্ষণ নির্ধারিতও হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: চিফ কমান্ড্যান্ট, প্রধান পরিদর্শক, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রহরীরা জানিয়েছেন, প্রশিক্ষণকালে তাঁদের সব ধরনের পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফলও প্রকাশিত হয়েছে। কেবল শিক্ষা সমাপনী কুচকাওয়াজ হলেই তাঁরা কর্মস্থলে যোগ দিতে পারবেন।