কুমিল্লা জেলায় জনসংখ্যা বেড়েছে প্রায় আট লাখ
কুমিল্লা জেলায় জনসংখ্যা বেড়েছে সাত লাখ ৮১ হাজার ৭৩১ জন। এর মধ্যে নারী পাঁচ লাখ ২৯ হাজার ৪৪৭ জন ও পুরুষ দুই লাখ ৬২ হাজার ২৮৪ জন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবারের (খানা) সংখ্যা বেড়েছে। একই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার ও জনসংখ্যার ঘনত্ব বেড়েছে।২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে ওই প্রতিবেদন দাখিল করা হয়।প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদ মাহবুব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তাজুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক এবং ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা আবদুল মান্নান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুমিল্লা জেলায় বর্তমানে জনসংখ্যা ৫৩ লাখ ৮৭ হাজার ২৮৮ জন। এর মধ্যে মহিলা ২৮ লাখ ১২ হাজার ২৭০ জন, পুরুষ ২৫ লাখ ৭৫ হাজার ১৮ জন। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৫৮। ২০০১ সালের আদমশুমারি থেকে এবার দশমিক ২৬ ভাগ জনসংখ্যা বেড়েছে। কুমিল্লায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ৭১২ জন। কুমিল্লা জেলায় পরিবারের সংখ্যা ১০ লাখ ৫৩ হাজার ৫৭২টি।