কুমিল্লা জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৬৪৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক সমাপনী পরীক্ষায় কুমিল্লা জেলার ১৬ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে এ বছর সাত হাজার ৬৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৮ দশমিক ২৩ শতাংশ। জেলার তিন হাজার ৪৫টি বিদ্যালয় থেকে এক লাখ ১১ হাজার ৫৭৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয় এক লাখ নয় হাজার ৬৯৫ জন। সর্বোচ্চ পাসের হার আদর্শ সদর ও বুড়িচং উপজেলায়। এ হার ৯৯ দশমিক ৯১ শতাংশ। সর্বনিম্ন পাসের হার হোমনা উপজেলায় ৯১ দশমিক ৬৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।জানা যায়, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পঞ্চম শ্রেণী) পরীক্ষায় চার হাজার ২৬৭ জন বালিকা ও তিন হাজার ৩৮১ জন বালক জিপিএ-৫ পেয়েছে। তবে পাসের হারে বালকেরা ভালো করেছে। জেলায় বালকদের পাসের হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ এবং বালিকাদের পাসের হার ৯৮ দশমিক ১২ শতাংশ। গত বছর বালক-বালিকা মিলিয়ে পাসের হার ছিল ৯৭ দশমিক ৯২ শতাংশ। এবার পাসের হার বেড়েছে দশমিক ৩১ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ৫২২ জন। এবার জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে চার হাজার ১২৬টি। এ প্রসঙ্গে কুমিল্লা নগরের কালিয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বলেন, শিক্ষার্থীদের আগ্রহ ও অভিভাবকদের নজরদারির কারণে ভালো ফল হয়েছে। জানতে চাইলে কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানা বলেন, পঠনপাঠনে বৈচিত্র্য আর শিক্ষক ও অভিভাবকদের সচেতনতার কারণে এবার জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে।