কুমিল্লা-ঢাকা সরাসরি রেললাইন স্থাপনের দাবিতে সমাবেশ কাল
কুমিল্লা-ঢাকা সরাসরি রেললাইন স্থাপনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে কুমিল্লার নাগরিক সমাজ। এরই মধ্যে তারা পোস্টারিং ও মানববন্ধন করেছে। এই দাবিতে নাগরিক সমাজ আগামীকাল বুধবার বিকেল চারটায় নগরের কান্দিরপাড়ের পূবালী চত্বরে সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে। নাগরিক সমাজ তাদের দাবির পক্ষে জানায়, রেলপথে কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব ১৯১ কিলোমিটার। সরাসরি রেললাইন হলে ওই দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার কমে যাবে। এতে এক ঘণ্টার মধ্যেই ঢাকায় পৌঁছা যাবে। বর্তমানে কুমিল্লা থেকে ঢাকায় যেতে হলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কিশোরগঞ্জ জেলার ভৈরব, নরসিংদী ও গাজীপুর জেলা দিয়ে যেতে হয়। এতে অনেক সময় ব্যয় হয়। কিন্তু কুমিল্লা থেকে সরাসরি ঢাকায় যেতে হলে কেবল মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা অতিক্রম করতে হবে। এতে সময় ও অর্থ—দুটিই সাশ্রয় হবে। আন্দোলনের উদ্যোক্তাদের একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘দাবিটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে সহজেই মালামাল কুমিল্লা হয়ে ঢাকায় পৌঁছে যাবে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকার দূরত্ব কমে যাবে। কুমিল্লা ইপিজেডের পণ্যসামগ্রী দ্রুত রেলপথে ঢাকা ও চট্টগ্রামে যেতে পারবে। আমরা আশা করি, সরকার খুব দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেবে।’