কুমিল্লা থেকে স্থানান্তর হচ্ছে ডিআইজি প্রিজনের দপ্তর
চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কারা উপমহাপরিদর্শকের (ডিআইজি-প্রিজন) দপ্তর কুমিল্লা থেকে স্থানান্তর করে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ অধিশাখার উপসচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এদিকে ৫০ বছর পর কুমিল্লা থেকে কারা উপমহাপরিদর্শকের দপ্তর চট্টগ্রামে স্থানান্তরের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন কুমিল্লার বিশিষ্টজনেরা। চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কারা উপমহাপরিদর্শক মো. ফজলুর রহমান গতকাল দুপুরে তাঁর দপ্তরে বলেন, ১৯৬২ সালের ১ নভেম্বর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে চট্টগ্রাম বিভাগীয় কারা উপমহাপরিদর্শকের দপ্তর স্থাপন করা হয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এই অঞ্চলের অন্যতম বড় কারাগার হওয়ায় এখানে এর দপ্তর হয়েছিল। চট্টগ্রামের পর সিলেট বিভাগ হলে সিলেটেরও কার্যালয় হয় এটি। বর্তমানে চট্টগ্রামে বিভাগীয় কার্যালয় স্থাপিত হওয়ায় কুমিল্লা থেকে সেটি স্থানান্তর করা হচ্ছে। এ বছরের ১৮ ও ২০ মার্চ এবং ১৭ সেপ্টেম্বর তিন দফা দপ্তরটি স্থানান্তরের জন্য মন্ত্রণালয়কে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই চিঠি দেয়। তবে কারা উপমহাপরিদর্শকের দপ্তর স্থানান্তরের খবর ছড়িয়ে পড়লে কুমিল্লাবাসী ওই সিদ্ধান্ত প্রত্যাহার করতে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানায়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী বলেন, যে মুহূর্তে কুমিল্লাবাসী বিভাগ বাস্তবায়নের দাবিতে সোচ্চার, ঠিক সেই সময়ে কুমিল্লা থেকে কারা উপমহাপরিদর্শকের দপ্তর স্থানান্তর অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও নিন্দনীয়। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য আনিসুর রহমান বলেন, কুমিল্লা থেকে নিকট অতীতে বিশ্ববিদ্যালয় স্থানান্তর, ট্রমা সেন্টার স্থানান্তর, বাখরাবাদ গ্যাস কোম্পানি দ্বিখণ্ডিত করা এবং সর্বশেষ কারা উপমহাপরিদর্শকের দপ্তর স্থানান্তর করে এ এলাকাকে বঞ্চিত করা হচ্ছে।