কমিটিতে বিবাহিত, অছাত্র ও বিতর্কিত কর্মীরা
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। কোন্দল ও জ্যেষ্ঠ নেতাদের দলাদলির প্রভাব পড়ায় কমিটি করতে পারছে না সংগঠন দুটি। উভয় ছাত্রসংগঠনের দুই পক্ষ আধিপত্য বিস্তার নিয়ে মাঠে তৎপর রয়েছে। যে কারণে বিবাহিত, অছাত্র ও বিতর্কিত কর্মীরা কেন্দ্র থেকে ঘোষিত কমিটিতে স্থান পেয়েছেন বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন।আবার কেউ কেউ কমিটিতে স্থান পাওয়ার পর দেশের বাইরে চলে গেছেন। এ কারণে দুর্বল হয়ে পড়ছে ছাত্ররাজনীতি। সংগঠন দুটি এখন আংশিক কমিটি দিয়ে চলছে। এ অবস্থায় দীর্ঘদিন পদবঞ্চিত ও উপেক্ষিত নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। উভয় সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ওই তথ্য পাওয়া গেছে।সাড়ে ১৪ মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি ছাত্রদলের: দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৭ জুলাই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নয় সদস্যবিশিষ্ট কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটির কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ২০১০ সালের ১১ আগস্টের মধ্যে ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। কিন্তু গত সাড়ে ১৪ মাসের মধ্যে নয় সদস্যের কমিটি আর বাড়েনি। উল্টো কমিটি ঘোষণার পর কমিটির একজন সহসভাপতি আমিরুল পাশা সিদ্দিকী যুক্তরাষ্ট্রে এবং যুগ্ম সম্পাদক কাজী বিল্লাল হোসেন কানাডায় চলে যান। ফলে সাতজন দিয়ে চলছে জেলা ছাত্রদলের কমিটি। ওই সাতজনের মধ্যে বর্তমানে দুটি পক্ষ রয়েছে। এর মধ্যে সভাপতি উৎবাতুল বারী, সহসভাপতি খলিলুর রহমান ও মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার একটি পক্ষে। অন্য পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা। দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালনসহ অন্যান্য কর্মসূচি পালন করে আসছে।নেতা-কর্মীদের অভিযোগ, ছাত্রদলের সহসভাপতি খলিলুর রহমান একই সঙ্গে কুমিল্লার আদর্শ সদর উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক পদেও অধিষ্ঠিত আছেন। কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার ছাড়া অন্য সবাই বিবাহিত এবং একাধিক সন্তানের জনক। আর কমিটির সবাই অছাত্র।কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘কেন্দ্রীয় কমিটি থেকে সময় বাড়িয়ে নিয়েছি। নানা কারণে সময়মতো কমিটি করা যায়নি।’ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর বলেন, দলের মধ্যে কোনো ধরনের সমন্বয় নেই, যে কারণে সরকারবিরোধী আন্দোলন জমানো যাচ্ছে না। কমিটি ঘোষণার পর আমরা একসঙ্গে বসিনি।’ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান সম্প্রতি বলেন, ওরা সময় বাড়িয়ে নিয়েছিল। তা ছাড়া পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এটা বিলম্বিত হয়েছে।কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের দুটি ধারা আছে। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের অনুসারী। অন্যদিকে সিনিয়র সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হকের অনুসারী।সাড়ে তিন মাস আংশিক কমিটি দিয়ে চলছে ছাত্রলীগ: চলতি বছরের ২৭ জুন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। ১৫ সদস্যবিশিষ্ট ওই কমিটি ঘোষণার পর কুমিল্লায় টানা তিন দিন ককটেল বিস্ফোরণ ও দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টাপাল্টি বিবৃতিযুদ্ধ চলে। ওই কমিটির পক্ষে কুমিল্লার ছয় সাংসদ ও বিপক্ষে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো টানাপোড়েন চলছে। কমিটির সভাপতি আ ফ ম আহসান উদ্দিন ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মদ বলেন, এক বছরের জন্য ওই কমিটি গঠন করা হয়।ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০০৩ সালের পর ২০১১ সালে কমিটি হলো। তাও আংশিক কমিটি হয়েছে। ওই কমিটিতে যোগ্য নেতারা বাদ পড়েছেন। এ কমিটি সমতাভিত্তিক নয়।সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর আমরা কেন্দ্রের কাছে পূর্ণাঙ্গ জেলা কমিটি করার জন্য প্রস্তাব পাঠাব। সেখান থেকে অনুমোদন এলেই কমিটি হবে।