কুমিল্লা নগর নামেই সিটি করপোরেশন
কুমিল্লা সিটি করপোরেশনে দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। সড়ক ভাঙাচোরা, যানজট বাড়ছে প্রতিনিয়ত। গড়ে উঠছে অপরিকল্পিত ও নকশাবহির্ভূত ভবন। নেই পর্যাপ্ত অর্থ।
পৌরসভার জনবল দিয়েই চলছে সিটি করপোরেশনের কার্যক্রম। তার ওপর খোদ সিটি করপোরেশনই জনাকীর্ণ এলাকায় সড়ক দখল করে বিপণিবিতান নির্মাণ করছে। এ অবস্থার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক তাঁর দায়িত্ব গ্রহণের
দুই বছর পার করছেন। জানা যায়, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি এ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয়। ওই নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে অব্যাহতি নিয়ে সম্মিলিত নাগরিক কমিটির মনিরুল হক জয়ী হন। ওই বছরের ৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর কুমিল্লা সিটি করপোরেশন অর্থাভাবে উল্লেখযোগ্য কোনো উন্নয়নকাজ করতে পারেনি। দাতা সংস্থা ও সরকার থেকেও তেমন বরাদ্দ আসছে না। উল্টো প্রতি মাসে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮২ লাখ টাকা দিতে হচ্ছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী বলেন, ‘কোন্দিরপাড়ে বিপণিবিতান করে মেয়র জনজট, জলজট ও যানজটের সৃষ্টি করেছেন। ফলে কান্দিরপাড়ে হাঁটাই দায় হয়ে পড়ছে।’
তবে গত দুই বছরে মেয়রের ব্যক্তিগত সাফল্যের মধ্যে রয়েছে সৌন্দর্যবর্ধনের জন্য ৩০০টি রঙিন বাতি নগরের বিভিন্ন এলাকায় লাগিয়ে দেওয়া।
জানতে চাইলে মেয়র মনিরুল হক বলেন, ‘অর্থের অভাবে বড় ধরনের উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে না। লোকবলের অনুমোদনও মন্ত্রণালয় থেকে পাওয়া যাচ্ছে না। কান্দিরপাড় বিপণিবিতান আগেই ছিল। সেটি ভেঙে নতুন করে করা হচ্ছে। এতে কোনো জনদুর্ভোগ হবে না।’