কুমিল্লা নগরবাসী যানজটে নাকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রাতিরিক্ত রিকশা, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার দাপট, সড়কের ওপরে নির্মাণসামগ্রী ফেলে রাখা, ফুটপাত দখল ও কান্দিরপাড়ের হকার মার্কেটের কারণে কুমিল্লা মহানগরে যানজট লেগেই থাকে। প্রতিদিন সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যায় ওই জট নগরজুড়ে দেখা যায়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের কান্দিরপাড় থেকে ঝাউতলা পর্যন্ত ভয়াবহ যানজট ছিল। একই সময় কান্দিরপাড় থেকে ঈশ্বর পাঠশালা পর্যন্তও যানজট লক্ষ করা গেছে। পর্যাপ্তসংখ্যক ট্রাফিক পুলিশ না থাকা ও অপরিকল্পিত নগরায়ণের কারণে যানজট কমানো যাচ্ছে না। ওই কারণে নগরের আট লাখ বাসিন্দা নাকাল হয়ে পড়েছে। নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকার বাসিন্দা মোহাম্মদ অমিতাভ বলেন, ‘যানজট ও যানবাহনের তীব্র শব্দের কারণে কান্দিরপাড়ে হাঁটাই দায় হয়ে পড়েছে।’রেইসকোর্স এলাকার বাসিন্দা আবদুল খালেক বলেন, ‘ইজিবাইকের কারণে যানজট বাড়ছে। একই সঙ্গে রিকশার সংখ্যাও দিন দিন বাড়ছে।’কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরে ১২ হাজার রিকশা চলার অনুমোদন থাকলেও প্রায় ২৫ হাজার রিকশা চলাচল করছে। ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন রয়েছে ৩০০টির। চলে প্রায় ৪০ হাজারের মতো। উদ্ভূত পরিস্থিতিতে নগরের প্রায় ১৩০ কিলোমিটার সড়কই যানবাহনের দখলে থাকে। জেলা ট্রাফিক পরিদর্শক মুকুল কান্তি দাশ জানান, ৩৮ জন লোকবল দিয়ে পুরো মহানগরের যানজট নিরসন করা হচ্ছে। জনবল কম, সড়কের প্রস্থ কম ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেশি হওয়ায় সড়কগুলোতে যানজট লেগেই থাকে। বর্তমানে ৩২ জন ট্রাফিক কনস্টেবল, তিনজন হাবিলদার, দুজন সার্জন পুলিশ ও একজন ট্রাফিক ইন্সপেক্টর দিয়ে যানজট নিয়ন্ত্রণ করা হয়। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘নগরের যানজট নিরসনের জন্য শিগগিরই বৈঠক করে কার্যকরী পরিকল্পনা নেওয়া হবে।’