কুমিল্লা নগরের অধিকাংশ সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪৮২ কিলোমিটার সড়কের মধ্যে ৪৩৪ কিলোমিটারই ভাঙাচোরা। কিছু এলাকায় নালা না থাকায় সড়কে বৃষ্টির পানি জমে থাকছে। আবার কিছু এলাকায় বৃষ্টির পানি নালা উপচে সড়কে গিয়ে পড়ছে। পানি জমে থাকায় এবং দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের এ করুণ অবস্থা হয়েছে। এতে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে লোকজন ভোগান্তি পোহাচ্ছেন।
জানা গেছে, গত ১১ জুন থেকে কুমিল্লা নগরে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে নগরের নালাগুলো ভরে পানি উপচে সড়কের ওপর জমে থাকে। এতে খানাখন্দে ভরা সড়কগুলো আরও ক্ষতবিক্ষত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের ধর্মপুর মসজিদের সামনে থেকে রেলস্টেশন পর্যন্ত ৭০০ মিটার সড়কে বড় আকারের চারটি গর্ত। এ ছাড়া রয়েছে অন্তত ৫০০ খানাখন্দ। গর্ত ও খানাখন্দে পানি জমে আছে। এতে এ সড়ক দিয়ে হাঁটাই যাচ্ছে না।
একই অবস্থা নগরের কান্দিরপাড় থেকে পুলিশ লাইন পর্যন্ত এক কিলোমিটার এবং কান্দিরপাড় পূবালী চত্বর থেকে ধর্মপুর পূর্ব চৌমুহনী পর্যন্ত এক দশমিক তিন কিলোমিটার সড়কের। এ ছাড়া রানীর বাজার সড়কের বিভিন্ন অংশে শতাধিক গর্তে পানি জমে আছে।
বাদুরতলা ও ঝাউতলা এলাকায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। নগরের ১৯ নম্বর থেকে ২৭ নম্বর ওয়ার্ডের সড়কগুলোর অবস্থা খুব খারাপ। বরাদ্দ না থাকায় ওই সড়কগুলো মেরামত হচ্ছে না। পিচ ও কংক্রিট উঠে সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একই অবস্থা কুমিল্লা শিল্পনগর সড়কের। সড়কের খানাখন্দে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
নগর ভবন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় ৪৮২ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে বিটুমিনের ১৯৭ কিলোমিটার, ৬০ কিলোমিটার সিমেন্ট ও কংক্রিটের তৈরি (সিসি), আরসিসি ১৬ কিলোমিটার, ইটের তৈরি ৫৫ কিলোমিটার এবং কাঁচা সড়ক ১৫৪ কিলোমিটার। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ বলেন, নগরের ২৭টি ওয়ার্ডে ৪৮২ কিলোমিটার সড়কের মধ্যে ৯০ ভাগ (৪৩৩ দশমিক ৮ কিলোমিটার) সড়কই ক্ষতবিক্ষত।
এর মধ্যে প্রধান দুই সড়ক আরও বেহাল। চলতি অর্থবছরে কান্দিরপাড় থেকে পুলিশ লাইন পর্যন্ত এক কিলোমিটার সড়ক মেরামতের জন্য ৭২ লাখ ৯২ হাজার ১০৪ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে।
অন্যদিকে কান্দিরপাড় পূবালী চত্বর থেকে ধর্মপুর পূর্ব চৌমুহনী পর্যন্ত এক দশমিক শূন্য তিন কিলোমিটার ও এর সঙ্গে আরও ৮০০ মিটার সড়ক মেরামতের জন্য সাত কোটি ১০ লাখ ৮২ হাজার চার টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। অর্থ বরাদ্দ এলেই কাজ শুরু হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, বরাদ্দ কম থাকায় সড়কগুলো সময়মতো মেরামত করা যায়নি। সরকারি বরাদ্দ ও দাতা সংস্থার অর্থ পেলেই কয়েকটি সড়কের কাজ শুরু হবে। এ ছাড়া সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে কিছু সড়কে মেরামতকাজ হচ্ছে।