কুমিল্লা নগরের তিন সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের প্রধান তিনটি সড়ক—কান্দিরপাড় থেকে পুলিশ লাইন, কান্দিরপাড় পূবালী চত্বর থেকে ধর্মপুর ও ধর্মপুর মোড় থেকে রেলস্টেশন সড়ক পর্যন্ত বেহাল দশা। এসব সড়ক খানাখন্দে ভরা। কোথাও কোথাও পিচ উঠে তা কাঁচা সড়কে রূপ নিয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশন হওয়ার পর এ পর্যন্ত সড়ক তিনটিতে কোনো ধরনের কাজ হয়নি। এ নিয়ে নগরের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, কান্দিরপাড় থেকে পুলিশ লাইন পর্যন্ত সড়কের বাদুরতলা এলাকায় বড় আকারের গর্ত। সড়কের ফয়জুন্নেছা স্কুলের পাশের অংশ উঁচু-নিচু ও সড়কের ঝাউতলা এলাকায় ছোট-বড় গর্ত রয়েছে। এসব গর্ত দিয়ে ঝুঁকি নিয়ে রিকশা, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।
কান্দিরপাড় পূবালী চত্বর থেকে ধর্মপুর পর্যন্ত সড়কের রানীরবাজার এলাকায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে সড়ক-সংলগ্ন নালায় কাদামাটি ও আবর্জনা জমে নোংরা হয়ে আছে।
ধর্মপুর মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত সড়কে পিচের চিহ্ন নেই বললেই চলে। সড়কে বড় বড় গর্ত রয়েছে। একটু বৃষ্টি হলেই এই সড়ক দিয়ে হাঁটাই যায় না। গত বৃহস্পতিবার বৃষ্টিতে সড়ক তিনটির গর্তগুলোতে পানি আটকে বেহাল অবস্থার সৃষ্টি হয়। গতকাল সোমবারও বৃষ্টিতে এসব সড়কের বিভিন্ন স্থানে পানি জমে। এতে মানুষ ভোগান্তিতে পড়ে।
নগরের উত্তর চর্থা এলাকার বাসিন্দা নাজমুল আলম চৌধুরী বলেন, কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর নগরের কোনো সড়ক প্রশস্ত করা হয়নি। উল্টো সিটি করপোরেশন কোনো কোনো স্থানে সড়ক সরু করে বিপণিবিতান নির্মাণ করছে। প্রভাবশালী মহলও সড়ক ঘেঁষে তৈরি করছে নানা ধরনের স্থাপনা।
পশ্চিম বাগিচাগাঁও এলাকার বাসিন্দা ফরিদা ইয়াসমিন বলেন, কান্দিরপাড় থেকে পুলিশ লাইন পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। এই সড়ক দিয়ে চালাচল করতে গেলে নানা ভোগান্তির শিকার হতে হয়।
নগর ভবনের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, কান্দিরপাড় থেকে পুলিশ লাইন পর্যন্ত ৯৫৪ মিটার সড়ক রয়েছে। এই সড়কের অবস্থা খুবই নাজুক। শিগগিরই এই সড়কটিসহ আরও কিছু সড়কের নির্মাণকাজ শুরু হবে। ২০১০ সালে এই সড়কটি ৬৪ লাখ টাকা ব্যয়ে তৎকালীন কুমিল্লা পৌরসভার অর্থায়নে সংস্কার করা হয়েছিল। ২০১৪ সালে কিছু খোয়া দিয়ে গর্ত ভরাট করা হয়। টানা বৃষ্টিতে ওই সংস্কারকাজ ভেস্তে যায়।
কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া বলেন, মে মাসের মধ্যে এই সড়কের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। গত ১৬ এপ্রিল সড়কটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা।
কান্দিরপাড় পূবালী চত্বর থেকে নজরুল অ্যাভিনিউ হয়ে ধর্মপুর পূর্ব চৌমুহনী এলাকা পর্যন্ত ২ দশমিক ১০ কিলোমিটার সড়ক রয়েছে। ৫ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৪১৭ টাকা ব্যয়ে ওই সড়কের কাজ হবে।
রেলস্টেশন সড়কের দৈর্ঘ্য ৮০০ মিটার। ওই সড়কের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ৮১৯ টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন এলেই কাজ শুরু করা হবে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ জানান, ইতিমধ্যে সড়কগুলো সংস্কারের জন্য দরপত্র-প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। ওই তিনটি সড়ক ছাড়াও নগরের বিভিন্ন সড়ক, নালা ও আলোকসজ্জার জন্য ইতিমধ্যে জাইকা ৭৮ কোটি ১৫ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। ওই টাকায় সাতটি সড়ক সংস্কার ও চার হাজার এনার্জি বাল্ব লাগানো হবে।
সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘জাইকা ও এমজিএসপি থেকে অর্থ পেয়েছি। শিগগিরই কাজ শুরু হবে।’