কুমিল্লা জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনের মুক্তির দাবিতে আজ শনিবার ভোর ছয়টা থেকে টানা ৩০ ঘণ্টা নগরের কাঁচাবাজারসহ সব ধরনের দোকাটপাট বন্ধ থাকবে। একই সঙ্গে রোববার দুপুর ১২টার মধ্যে তাঁকে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রাখা হবে।
গত বুধবার রাতে কুমিল্লা নগরের কান্দিরপাড় পিপাসা মিষ্টির দোকানের সামনে থেকে র্যাব আতিককে আটক করে। বৃহস্পতিবার তাঁকে আদালতের কারাগারে পাঠানো হয়।
ফেডারেশনের সভাপতি সানাউল হক বলেন, র্যাব ষড়যন্ত্রমূলকভাবে আতিককে আটক করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ব্যবসায়ীরা ওই ঘটনার নিন্দা জানিয়ে ৩০ ঘণ্টা দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
একই সঙ্গে রোববার স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় আতিক বলেন, ‘কয়েক দিন ধরে সদর আসনে নৌকার পক্ষে কাজ করায় দলের একটি অংশ তাঁর ওপর ক্ষিপ্ত হয়। তারাই আমাকে গ্রেপ্তার করায়।’