কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লালমাই থেকে লাকসাম পর্যন্ত কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। লালমাই থেকে লাকসাম পর্যন্ত মহাসড়ক ফেটে গেছে।দীর্ঘ এলাকাজুড়ে মহাসড়ক ফেটে যাওয়ায় এর পিচ উঠে যাচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে চলছে বাস, মালবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন। এ অবস্থায় ক্ষত সারানোর জন্য সড়ক ও জনপথ বিভাগ ১০ কিলোমিটার সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছে।সরেজমিনে দেখা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার পার হলেই সড়কে ফাটল। দত্তপুর, বাগমারা, ফতেহপুর, হরিশ্চর চৌরাস্তা, আলীশ্বরসহ বিভিন্ন স্থানের সড়ক এবড়োখেবড়ো। বাগমারা বাজারে পিচ উঠে গিয়ে মহাসড়কে ধুলা উড়ছে। তৈরি হয়েছে বড় বড় খাদের। অত্যন্ত ঝুঁকি নিয়ে ভারী যানবাহন ওই পথ পাড়ি দিচ্ছে। মহাসড়কের ওই দুরবস্থার কারণে যানবাহন ধীরগতিতে চলছে। দিনের অধিকাংশ সময় বাগমারা বাজার ও লাকসামে যানজট লেগেই থাকে।এ মহাসড়ক দিয়ে কুমিল্লা থেকে নোয়াখালী, রংপুর ও রাজশাহী থেকে নোয়াখালী এবং ঢাকা থেকে নোয়াখালীগামী অনেক বাস যাতায়াত করে। তা ছাড়া কুমিল্লার নাঙ্গলকোট, মনোহরগঞ্জের আঞ্চলিক যানবাহনও এ পথ দিয়েই যাতায়াত করে। লাকসাম থেকে ঢাকাগামী পরিবহনও এখান দিয়ে যায়। তার ওপর রয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক।লাকসামের দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাবারক উল্লাহ বলেন, ‘মহাসড়ক প্রশস্ত না হওয়ার কারণে যানজট লেগেই থাকে। আঞ্চলিক মহাসড়ক হলেও এখান দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে।’বাগমারা এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, ‘সড়ক মেরামত না হওয়ার কারণে বাগমারা বাজারে যানজট লেগেই থাকে। অবিলম্বে সড়ক সংস্কার করা হলে জনদুর্ভোগ এড়ানো সম্ভব।’তিশা পরিবহনের চালক আবদুর রহমান বলেন, ‘আন্তজেলা মহাসড়ক হলেও এর সুযোগ-সুবিধা কম। গাড়ি মোড় নিতে এবং ওভারটেকিংয়ে অনেক সময় সমস্যা হচ্ছে। সড়কটি প্রশস্ত করা দরকার।’জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ‘এ মহাসড়কের ১০ কিলোমিটার কাজের দরপত্র-প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। তা ছাড়া কিছু কিছু গর্ত আমরা ঢেকে দিয়েছি। অন্যান্য মহাসড়কের তুলনায় এ মহাসড়ক অপেক্ষাকৃত ভালো।’