কুমিল্লা পিটিআইয়ের তত্ত্বাবধায়ককে প্রত্যাহার
কুমিল্লা পিটিআইয়ের তত্ত্বাবধায়ক মো. রাইহুল করিমকে প্রত্যাহার করা হয়েছে। ধর্ষণ, যৌন হয়রানিসহ বেশ কয়েকটি অভিযোগে প্রশিক্ষণার্থীরা গতকাল মঙ্গলবার আন্দোলন শুরু করলে তাঁকে প্রত্যাহার করে কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁকে আজ বুধবারের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে যোগদানের জন্য বলা হয়।
কয়েকজন প্রশিক্ষণার্থী অভিযোগ করেন, চলতি বছরের ২৭ জানুয়ারি মো. রাইহুল করিম কুমিল্লা নগরের কালিয়াজুরি এলাকায় অবস্থিত প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) তত্ত্বাবধায়ক পদে যোগ দেন। এরপর থেকে তিনি ইনস্টিটিউটের কয়েকজন নারী প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানি ও একজনকে ধর্ষণ করেন। এ ছাড়া ইনস্টিটিউটের কয়েকজন প্রশিক্ষণার্থীকে নানাভাবে হয়রানি করেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কয়েক শ প্রশিক্ষণার্থী কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এরপর প্রশিক্ষণার্থীরা ১৯ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে অবিলম্বে তত্ত্বাবধায়ককে অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়।
স্মারকলিপি পাওয়ার পর কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল তত্ত্বাবধায়ক মো. রাইহুল করিমকে তাঁর দপ্তরে ডেকে আনেন। এরপর তিনি মুঠোফোনের কথোপকথনের বিভিন্ন অডিও তাঁকে শোনান। এরপর তিনি বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে জানান।
বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘মো. রাইহুল করিমকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। আগামীকাল (আজ বুধবার) তাঁকে অধিদপ্তরে যোগদান করতে হবে। অন্যথায় তাত্ক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।’
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, পিটিআইয়ের সুপারিনটেনডেন্টকে কুমিল্লা থেকে প্রত্যাহার করে অধিদপ্তরে তাঁর চাকরি সংযুক্ত করা হয়েছে।
তত্ত্বাবধায়ক মো. রাইহুল করিম বলেন, ‘প্রশিক্ষণার্থীদের সামাজিক কর্মকাণ্ডের প্রতি চাপ সৃষ্টি করায় তাঁরা প্রত্যেকে মিলে এ আন্দোলন শুরু করেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য ও ভিত্তিহীন।’
কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘প্রশিক্ষণার্থীদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কয়েক জায়গায় যোগাযোগ করেছি। প্রাথমিকভাবে কিছু প্রমাণও হাতে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে মন্ত্রণালয় এখান থেকে প্রত্যাহার করে।’