কুমিল্লা শহরের ধর্মপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কার্যালয়ের বেহাল দশা। একটু বৃষ্টি হলেই সেখানে দেখা দেয় জলাবদ্ধতা। একই সঙ্গে বিআরটিসির টিনশেডের ভবনে পানি পড়ে। স্যাঁতসেঁতে পরিবেশে সেখানকার কর্মচারীদের কাজ করতে হয়। তার ওপর ওই কার্যালয়ের ট্রাফিক পুলিশ, ট্রাফিক ইন্সপেক্টর, ইয়ার্ড মাস্টার, বুকিং সহকারী, চালক, কন্ডাক্টর ও নিরাপত্তা প্রহরী পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। নেই বিকল হওয়া বাসগুলো সচল করার উদ্যোগ। এ অবস্থার মধ্য দিয়ে চলছে গুরুত্বপূর্ণ ওই দপ্তরের কার্যক্রম। জানা গেছে, ১৯৬২ সালে ১ দশমিক ৪৪ একর জায়গা নিয়ে বিআরটিসি কুমিল্লা ডিপোর কার্যক্রম শুরু হয়। বর্তমানে ওই দপ্তরের অধীনে ৪১টি বাস রয়েছে। এর মধ্যে ২১টি বাসই বিকল হয়ে পড়ে আছে। বাকি ২০টির কার্যক্রম পরিচালনার জন্য লোকবলের রয়েছে যথেষ্ট অভাব। এখানকার ট্রাফিক অফিসার ও ট্রাফিক ইন্সপেক্টরের পদ দুটি দীর্ঘদিন ধরে শূন্য। ইয়ার্ড মাস্টারের একটি পদ শূন্য। একই সঙ্গে বুকিং সহকারীর একমাত্র পদটি খালি। নিরাপত্তা প্রহরীর ছয়টি পদের মধ্যে চারটি পদই শূন্য। কন্ডাক্টরের ২০টি পদ থাকলেও আছে মাত্র চারজন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিআরটিসি টিনশেড ভবনে পানি। বাইরেও জলাবদ্ধতা। ভবনের স্যাঁতসেঁতে পরিবেশে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। তার ওপর বহিরাগত বখাটেদের উ ৎ পাত রয়েছে সেখানে। নতুন করে এসি বাস চালু হওয়ায় অনেকে সেখানে দোকান করার জন্য মহড়া দিচ্ছে। জানতে চাইলে বিআরটিসি কুমিল্লা শাখার ম্যানেজার (অপারেশন) মাসুদ তালুকদার বলেন, ‘জলাবদ্ধতা এখানকার অন্যতম প্রধান সমস্যা। তার ওপর লোকবলের অভাবে বাস চালানো যাচ্ছে না। বাইরে থেকে মজুরিভিত্তিক লোক এনে কাজ করানো হচ্ছে। বাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় লোকবল বাড়াতে হবে। এখানকার একেকটি এসি বাসের দাম ৯০ লাখ টাকা আর নন-এসি বাসের দাম ৭৫ লাখ টাকা। এগুলো পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা প্রহরী দরকার। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’