প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার কুমিল্লা সফরে আসছেন। এদিন প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানানো হবে। একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা, সরকারি দুটি (বালক ও বালিকা) উচ্চবিদ্যালয় স্থাপন, কুমিল্লা-ঢাকা সরাসরি রেললাইন স্থাপন ও তথ্যপ্রযুক্তি গ্রাম (আইটি ভিলেজ) স্থাপনের দাবি জানাবে কুমিল্লাবাসী।কুমিল্লার রাজনৈতিক নেতা, সামাজিক, সাংস্কৃতিক ও সচেতন মহলের সঙ্গে কথা বলে ওই তথ্য জানা গেছে। এর মধ্যে সবাই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবির প্রতি বেশি জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ২৪ জানুয়ারি কুমিল্লা সফর করেন। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি শনিবার কুমিল্লা শহরে আসছেন। তাঁর আগমন উপলক্ষে কুমিল্লা শহরকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। বৃহত্তর কুমিল্লা গণদাবি পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমান চৌধুরী জানান, ১৯৬২ সালে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানানো হয়। দীর্ঘ সময়ে ওই দাবি পূরণ না হওয়ায় ১৯৮৯ সালে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয় জেলার অধিবাসীদের নিয়ে কুমিল্লা গণফোরামের ব্যানারে বিভাগ আন্দোলন শুরু হয়। ১৯৯২ সালে রেলপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা রেলস্টেশনে এক পথসভায় কুমিল্লাকে বিভাগ ঘোষণার প্রতিশ্রুতি দেন। ১৯৯৩ সালে কুমিল্লা গণফোরাম নাম বাদ দিয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়। ওই পরিষদের অধীনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে স্মারকলিপি দেওয়া হয়। তখনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। এরপর কুমিল্লা গণদাবি পরিষদের পক্ষ থেকে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে মশাল মিছিল, হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করা হয়। কিন্তু দাবি আর পূরণ হয়নি। স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ৫৩টি উপজেলা নিয়ে কুমিল্লা বিভাগ করা সম্ভব। উন্নত যোগাযোগব্যবস্থার কারণে প্রাচীনকালের সমতট অঞ্চলের (কুমিল্লা ও নোয়াখালী) প্রধান শহর কুমিল্লায় বিভাগ হতে পারে। কুমিল্লায় বিভাগ হলে চট্টগ্রামে গিয়ে জনগণকে ভোগান্তি পোহাতে হবে না। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লাকে বিভাগ ঘোষণার আবদার করব।’ কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম। আশা করি, তিনি কুমিল্লাবাসীকে কিছু উপহার দেবেন।’ মুরাদনগরবাসীর দাবি: মুরাদনগর সর্বদলীয় আবাসিক গ্যাস সংগ্রাম কমিটির আহ্বায়ক আবু মুছা সরকার বলেন, ‘মুরাদনগরের ঘরে ঘরে গ্যাস দেওয়ার ও শ্রীকাইল ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবি জানানো হবে।’