কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে ও কারা উপমহাপরিদর্শকের দপ্তর চট্টগ্রামে স্থানান্তরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে নগরে মানববন্ধন হয়েছে। বিকেল চারটায় নগরের কান্দিরপাড়ে এ মানববন্ধন হয়। কুমিল্লা গণদাবি পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ, কুমিল্লা গণদাবি পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমান প্রমুখ। মানববন্ধন চলাকালে জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক বলেন, যে মুহূর্তে কুমিল্লাবাসী বিভাগ বাস্তবায়নের স্বপ্ন দেখছে, তখনই অর্ধশতাব্দীর কারা উপমহাপরিদর্শকের দপ্তর কুমিল্লা থেকে সরিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে।