কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ, হতাশ শিক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির কারণে হতাশ হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের তিন হাজার ৫৩১ জন শিক্ষার্থী। গতকাল বুধবার সমিতি দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে। একই সঙ্গে তারা দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষকদের পাঁচ দফা দাবি ও উপাচার্যের নানা অনিয়মের প্রতিবাদে শিক্ষক সমিতি ওই আন্দোলন করছে।
বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, গত ৯ জুলাই সরকার সমর্থক শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ উপাচার্যের দপ্তরে তালা দেয়। ১০ জুলাই দুপুর আড়াইটার দিকে উপাচার্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে বাসভবনে পাঠানো হয়। ওই দিন বিকেলে রেজিস্ট্রার দপ্তরে তালা দেওয়া হয়। এরপর উপাচার্য আর বিশ্ববিদ্যালয়ে আসেননি, বাসভবনে বসেই সময় কাটাচ্ছেন।
উপাচার্যের বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতির কারণে শিক্ষকদের বিবদমান পক্ষগুলো এককাট্টা হয়ে মঙ্গলবার থেকে একসঙ্গে আন্দোলনে নেমে পড়ে। তারা বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইংরেজি দ্বিতীয় ব্যাচের একাধিক শিক্ষার্থী বলেন, ‘২০০৮ সালের ২ জুলাই আমাদের ক্লাস শুরু হয়েছিল। এ পর্যন্ত আমরা সাতটি সেমিস্টার শেষ করেছি। কবে বের হব সেটা বলতে পারছি না। সেশনজটের কবলে পড়ে আমাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হচ্ছে। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম রায়হান উদ্দিন বলেন, ‘উপাচার্য শিক্ষকদের আন্দোলনে সাড়া দিলেই কেবল আলোচনা হতে পারে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে। শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিলেই শিক্ষা কার্যক্রম বেগবান হবে।’
গতকাল বিকেলে উপাচার্যের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।