দাবি আদায়ে অনড় শিক্ষক সমিতি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তর দুই ঘণ্টা তালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান গত রোববার দপ্তরে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে সরকার-সমর্থক শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ গতকাল সোমবার সকাল নয়টায় তাঁর দপ্তরে পুনরায় তালা দেয়। একই সঙ্গে রেজিস্ট্রার দপ্তরেও তালা দেয় সংগঠনটি।
ওই খবর পেয়ে উপাচার্য গতকাল বিশ্ববিদ্যালয়ে আসেননি। একপর্যায়ে বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকেরা তালা খুলে দেন। পরে শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা দাবি পূরণের জন্য দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত এক ঘণ্টা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তবে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত ছিল। শিক্ষকদের আন্দোলনের কারণে ঈদ সামনে রেখে শিক্ষার্থীরা বাড়ি ফিরতে শুরু করেছেন। এদিকে গত রোববার বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি নিয়ে শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সঙ্গে উপাচার্যের এক বৈঠক হয়। কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়। বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, ১৭ দিন পর গত রোববার উপাচার্য আমির হোসেন খান বিশ্ববিদ্যালয়ে আসেন। ওই দিন তিনি তাঁর দপ্তরে শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সঙ্গে বৈঠক করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বঙ্গবন্ধু পরিষদ গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়ে রাখে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম রায়হান উদ্দিন বলেন, রোববার বেলা ১১টায় উপাচার্য শিক্ষক সমিতির সঙ্গে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বৈঠক করেন। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই বৈঠক কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকে উপাচার্য শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ জানান। একই সঙ্গে শিক্ষকদের সব দাবি-দাওয়া আগামী ৪ অথবা ৫ আগস্ট সিন্ডিকেট করে পূরণের আশ্বাস দেন।
জবাবে শিক্ষক সমিতি উপাচার্যকে জানিয়েছে, আগে শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ করুন। তারপর ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হবে। একপর্যায়ে উভয় পক্ষ কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ আহসান উল্যাহ বলেন, ‘উপাচার্যের সঙ্গে বৈঠকে আমরা ওনাকে দাবি পূরণ করার জন্য বলেছি। তিনি অতীতের মতো আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা তা প্রত্যাখ্যান করেছি।’ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জি এম মনিরুজ্জামান বলেন, রোববার উপাচার্য হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছেন। কোনো ধরনের আলোচনা ছাড়া তিনি ঢুকতে পারেন না। তাই আমরা সোমবার আবার তাঁর দপ্তর ও রেজিস্ট্রার দপ্তরে দুই ঘণ্টা তালা দিয়ে রাখি।’ ১০ জুলাই উপাচার্য আমির হোসেন খান তালাবদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।