কুমিল্লা বিশ্ববিদ্যালেয় শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো. রাসেল হোসেনের ওপর বহিরাগত ব্যক্তিদের হামলার প্রতিবাদে গতকাল বুধবার ওই বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁরা ওই কর্মসূচি পালন করেন। পরে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপাচার্যের বাংলোর সামনের সড়ক দিয়ে রাসেল কাজী নজরুল ইসলাম হলে যাচ্ছিলেন। ওই সময়ে সালমানপুর এলাকার বাসিন্দা মাসুমসহ কয়েকজন রাসেলকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে মাসুম মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র জখম হলেই আমার নাম আসে। ওই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। তবে ঘটনার সময় সেখানে আমি উপস্থিত ছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, বহিরাগত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
দীর্ঘদিন ধরে সালমানপুর এলাকার মমিন মিয়ার ছেলে মাসুম মিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাঞ্ছিত করে আসছেন বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাসুম ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রশ্রয়ে ধীরেন্দ্রনাথ দত্ত হলে থাকেন। তবে গতকাল এ প্রতিবেদকের কাছে মাসুম দাবি করেন, তিনি এখন আর হলে থাকেন না।