কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী রাসেল হোসাইনকে ছুরিকাঘাত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার সদস্যপদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের আগামী ৩ অক্টোবরের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। ছাত্রলীগের সদস্যপদ স্থগিত হওয়া দুই নেতা হলেন: জ্যোতির্ময় সরকার ও মাহবুবুল আলম। তাঁরা দুজনই হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র। গতকাল বুধবার ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা জানান, গত সোমবার বেলা একটায় রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাদের কাঁঠালতলায় এলাকায় ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের ছাত্রলীগের অনুসারীরা। ওই সময় ছাত্রলীগের কর্মী রাসেল হোসাইনের সঙ্গে নতুন কমিটির নেতাদের তর্ক হয়। একপর্যায়ে ব্যবস্থাপনা পঞ্চম ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ নামের এক ছাত্রলীগের কর্মী রাসেলের ঘাড়ে, বাঁ হাত ও ঊরুতে ছুরিকাঘাত করে। জানতে চাইলে ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, উভয় ছাত্রলীগ নেতার সদস্যপদ ২৬ সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। একই সঙ্গে ৩ অক্টোবরের মধ্যে তাঁদের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এদিকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের কর্মীর ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দেয়। মঙ্গলবার ওই কমিটি গঠন করার কথা থাকলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের চাপে তা থেকে পিছু হটে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য একটি ‘স্থিতিশীল কমিটি’ গঠন করে। অর্থনীতি বিভাগের প্রধান জাকির সায়েদুল্লাহকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। কমিটি বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য কাজ করবে বলে জানা গেছে। রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৫ সেপ্টেম্বর ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।