বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, অনিয়ম নিয়ে ফেসবুকে এক শিক্ষকের স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতি এখন মুখোমুখি অবস্থানে। কর্তৃপক্ষ ওই শিক্ষককে দুর্নীতি, অনিয়মের প্রমাণ দিতে বলেছে। এর প্রতিবাদে ওই শিক্ষক অবস্থান কর্মসূচিতে বসেছেন। আর শিক্ষক সমিতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ওই শিক্ষককে দেওয়া চিঠি প্রত্যাহার করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে দুর্নীতি, দায়সারাভাবে নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিঠিতে তাঁকে আগামী সাত কর্মদিবসের মধ্যে এ-সংক্রান্ত তথ্য ও প্রমাণসহ জবাব দিতে বলা হয়।
চিঠি দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষক অবস্থান কর্মসূচি পালন করেছেন। বেলা ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে ওই শিক্ষক ভাস্কর্য নির্মাণে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিচার করার দাবি জানান। গত ৩১ জুলাই আসাদুজ্জামান ওই স্ট্যাটাস দেন। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠিটি গত বুধবার ওই শিক্ষকের হাতে পৌঁছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেলা ১১টার দিকে শিক্ষক সমিতির উদ্যোগে এক জরুরি সভা শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয়। সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে ওই সভা হয়। সভায় ১২ আগস্টের মধ্যে ওই চিঠি প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দেয় শিক্ষক সমিতি। অন্যথায় কঠোর কর্মসূচি দেবে বলে জানানো হয়।
এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, একের পর এক এ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে। এর বিরুদ্ধে কথা বললে শিক্ষকদের হয়রানি করা হবে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ১২ আগস্টের মধ্যে চিঠি প্রত্যাহার না করলে দুর্নীতির শ্বেতপত্র বের করা হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়ম হয়েছে, এটা সুস্পষ্ট। ২০ লাখ টাকার কাজে নয়ছয় হয়েছে। বেদিতে নিম্নমানের নির্মাণসামগ্রী দেওয়া হয়েছে।
শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, ‘ওই চিঠি আমার ব্যক্তিগত ফাইলে থাকবে। তাই আমি চিঠি প্রত্যাহারের দাবি জানিয়েছি। আমার কর্মসূচি অব্যাহত থাকবে।’
অভিযোগ প্রসঙ্গে উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘আসাদুজ্জামানের ফেসবুক আইডি দেখে আমরা ওই চিঠি দিয়েছি। দুর্নীতির প্রমাণ তিনি হাজির করুন। আমি একে সাধুবাদ জানাই। চিঠি দিয়েছি, চিঠির জবাব দেওয়া হোক। নিশ্চয়ই তথ্য-প্রমাণ নিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এখন কর্মসূচি না করে প্রমাণ হাজির করা হোক।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, চিঠিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে এ-সংক্রান্ত তথ্য-প্রমাণসহ জবাব দেওয়ার অনুরোধ করা হয়েছে ওই শিক্ষককে।