কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ এপ্রিল পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত করা হয়েছে। ওই সময়ের মধ্যে শিক্ষকদের পদোন্নতি ও চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবি বাস্তবায়িত না হলে আবার কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। গত রোববার বেলা ১১টায় শিক্ষক সমিতির এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের ক্লাস ও পরীক্ষা নিতে হরতাল ছাড়া আর কোনো বাধা রইল না। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রধান মুহম্মদ আহসান উল্যাহ বলেন, গত ২৭ মার্চ থেকে শিক্ষকদের পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, পারিতোষিক বণ্টন নীতিমালা, আপগ্রেডেশন ও খণ্ডকালীন শিক্ষকের সম্মানী বৃদ্ধির দাবিতে শিক্ষক সমিতি আন্দোলন করে আসছে। তিনি আরও বলেন, ‘এগুলোর মধ্যে কিছু দাবি উপাচার্য মহোদয় মেনে নেওয়ায় আমরা ১৫ এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি। ওই সময়ের মধ্যে অন্যান্য দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন করা হবে। এর আগে গত ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষক সমিতি ক্লাস ও পরীক্ষা বর্জন করেছিল।’ ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক সমিতি ১৫ এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত করলেও মূলত ক্লাস ও পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে মাত্র এক দিন। তাঁরা বলছেন, গতকাল সোমবার হেফাজতে ইসলামের হরতাল, মঙ্গল ও বুধবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল, বৃহস্পতিবার খোলার দিন, শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ ও রোববার পয়লা বৈশাখ নববর্ষের বন্ধ। ১৫ এপ্রিল দুপুর সাড়ে ১২টার মধ্যে শিক্ষক সমিতির দাবি পূরণ না হলে সংবাদ সম্মেলন করে তাঁরা নতুন কর্মসূচি দেবেন। ফলে এক দিনের বেশি ক্লাস ও পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে না। জানতে চাইলে উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান বলেন, ‘শিক্ষকদের পদোন্নতি ও চাকরি স্থায়ীকরণের চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব দাবি পূরণ করা হবে। এ জন্য সময় দিতে হবে। শিক্ষকেরা তাঁদের কর্মসূচি স্থগিত করেছেন। এখন থেকে পুরোদমে ক্লাস ও পরীক্ষা হবে।’