কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চার তীর্থস্থান গড়ে তোলার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘এ বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চার তীর্থস্থান হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও কুমিল্লার সুশীল সমাজকে এককাট্টা হয়ে সহযোগিতা করতে হবে। তবেই কুমিল্লাবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে।’গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর (বিশ্ববিদ্যালয় দিবসের) আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে উপাচার্য আমির হোসেন খান দিবসের উদ্বোধন করেন। এরপর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে প্রশাসনিক ভবনে এক আলোচনা সভা হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জাকির ছায়াদউল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য আমির হোসেন খান, কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেন, বিজ্ঞান অনুষদের ডিন মো. আবু তাহের, লোক প্রশাসন বিভাগের প্রধান মাসুদা কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ আহ্সান উল্লাহ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জিএম মনিরুজ্জামান, ছাত্রলীগের স্থানীয় পক্ষের সভাপতি মাহমুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক আল-আমিন অর্ণব ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহরিয়ার মাহমুদ।