কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার অবসান হয়েছে। তিন দিন পর আজ বৃহস্পতিবার ক্লাস শুরু হচ্ছে। আগামী রোববার সব বর্ষের সব সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।ছাত্রলীগের সমর্থক দাবিকারী ‘শহর’ পক্ষের শিক্ষার্থীরা আটকে রাখা বাসের চাবি গতকাল বুধবার ফেরত দিয়েছেন। অন্যদিকে ছাত্রলীগের সমর্থক দাবিকারী ‘স্থানীয়’ পক্ষের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গতকাল দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তাঁরা অবিলম্বে ক্লাস ও পরীক্ষা শুরুর দাবি জানান।শহর পক্ষের নেতৃত্বদানকারী শিক্ষার্থী ও মার্কেটিং তৃতীয় বর্ষের ছাত্র মঈনউদ্দিন সফিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে এবং পাঁচ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে। এ কারণেই তাঁরা আটক বাসগুলো ছেড়ে দিয়েছেন। পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন না দেওয়া হলে তাঁরা আবার আন্দোলনে যাবেন।