কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কমছে না সেশনজট
শিক্ষার্থী ও শিক্ষকদের দলাদলি, নিয়মিত ক্লাস না হওয়া, সরকারদলীয় সাংসদের আধিপত্য বিস্তার, উপাচার্যবিরোধী আন্দোলন আর বর্তমান উপাচার্যের গতিহীন মনোভাবের কারণে ‘রাজনীতিমুক্ত’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেশনজট বেড়েই চলছে।রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয় ২০০৭ সালের ২৮ মে। ওই ব্যাচের শিক্ষার্থীরা এখন পর্যন্ত স্নাতকের (সম্মান) চূড়ান্ত পরীক্ষা দিতে পারেননি। চার বছরে আটটি সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা থাকলেও কোনো বিভাগে ছয়টি আবার কোনো বিভাগে সাতটি সেমিস্টার পরীক্ষা হয়েছে। অর্থাৎ প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ২০১১ সালের ২৮ মের মধ্যে কোর্স সম্পন্ন হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে প্রথম ব্যাচের সাত বিভাগের ৩০০ শিক্ষার্থী কোনোভাবেই শিক্ষাজীবন শেষ করতে পারেননি। উল্টো তাঁদের শিক্ষাজীবন ক্রমাগতভাবে দীর্ঘায়িত হচ্ছে।২০০৮ সালের ২ জুলাই দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হয়। এই ব্যাচ এখন পর্যন্ত পাঁচটি সেমিস্টার শেষ করেছে। এই ব্যাচের শিক্ষার্থীরা ছাত্রদের দলাদলির কারণে সেশনজটে পড়েছেন। ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হয়। এই ব্যাচ এখন পর্যন্ত চারটি সেমিস্টার শেষ করেছে। এই ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষকদের দলাদলি, উপাচার্যবিরোধী আন্দোলন ও কুমিল্লার সরকারদলীয় চার সাংসদের রাজনৈতিক অপতৎপরতার শিকার হয়েছেন। ২০১০ সালের ২৯ মার্চ চতুর্থ ব্যাচের ক্লাস শুরু হয়। এই ব্যাচের এখন পর্যন্ত দুটি সেমিস্টার শেষ হয়েছে। ২০১১ সালের ১৬ জানুয়ারি পঞ্চম ব্যাচের ক্লাস শুরু হয়। তারা এখন পর্যন্ত একটি সেমিস্টার শেষ করেছে। আর ষষ্ঠ ব্যাচের ক্লাস শুরু হয় চলতি বছরের ১৫ জানুয়ারি। ষষ্ঠ ব্যাচ ছাড়া অন্য সব ব্যাচকেই কমবেশি সেশনজটে পড়তে হয়েছে।ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ১৮ মাসের সেশনজটে পড়েছেন। আর এর চাপ পড়েছে পরবর্তী ব্যাচের শিক্ষার্থীদের ওপর। এ অবস্থায় ইংরেজি বিভাগে সেশনজট প্রকট আকারে দেখা দিয়েছে। বিভাগের গুটি কয়েক ছাত্র ও শিক্ষকের দলাদলির কারণে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা সেমিস্টার পার করতে পারছেন না।কুমিল্লার একটি বেসরকারি কলেজের শিক্ষক ও এক ছাত্রীর অভিভাবক জানান, ‘আমার মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ত। এক বছর শিক্ষাজীবনের ক্ষতি করে তাকে বাড়ির কাছের বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে ভর্তি করানো হলো। কিন্তু সেশনজট তাদের ছাড়ছে না।’প্রথম ব্যাচের ভুক্তভোগী শিক্ষার্থী দেলোয়ার হোসেন, নূরজাহান বেগম ও হাবিবুর রহমান জানান, রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় জেনে এখানে তাঁরা ভর্তি হয়েছিলেন। কিন্তু ভর্তির পর দেখেন, এখানে সবাই অপরাজনীতি করছেন। ২৬ জন ছাত্র, গুটি কয়েক শিক্ষকের কাছে তাঁরা জিম্মি। প্রশাসনের ব্যর্থতার কারণে ওই অবস্থা হয়েছে বলে তাঁরা মনে করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান বলেন, দীর্ঘদিনের জট নিরসন করতে সময় লেগে যাচ্ছে। সেশনজট কমানোর জন্য প্রশাসন তৎপর রয়েছে। বর্তমানে নিয়মিত ক্লাস হচ্ছে।