কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তালা, সবাই অবরুদ্ধ আট ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আট ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা, মিডটার্ম পরীক্ষা ও ক্লাস বন্ধ ছিল। আজ মঙ্গলবারের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলা বিভাগের প্রথম বর্ষের সাবেক ছাত্র ও ছাত্রলীগের কর্মী নূরুল আমিনের আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল সকাল ১০টায় শহীদ দ্বিজেন্দ্রনাথ দত্ত ও কবি কাজী নজরুল ইসলাম হল থেকে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে যান। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেন। এ সময় নূরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দফায় দফায় স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ারে আগুন দেন। এ ঘটনায় গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা, মিডটার্ম পরীক্ষা ও ক্লাস বন্ধ হয়ে যায়। পরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজিদ ও সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জাহান বিশ্ববিদ্যালয়ে ছুটে যান। এ সময় ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা সারা দিন অবরুদ্ধ ছিলেন। একপর্যায়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও তালা দেন। এতে শহরগামী সব বাস আটকা পড়ে। এ সময় দুর্ভোগ নিয়েই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ থাকায় ক্লাস ও পরীক্ষা হয়নি। আজ মঙ্গলবারের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। তবে ক্লাস যথারীতি চলবে। ছাত্রলীগের কর্মী নূরুলের বিরুদ্ধে গত বছরের ১৩ এপ্রিল বাংলা বিভাগের এক ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়। ওই সময়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ পায় তদন্ত কমিটি। এর পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩১তম সভায় তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়। সাধারণ শিক্ষার্থীরা জানান, ১৫ সেপ্টেম্বর রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করে তোলেন। ২০০৭ সালের ২৮ মে রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়। শুরু থেকেই শিক্ষার্থীরা অঙ্গীকারনামায় সই করে ছাত্ররাজনীতি করবে না মর্মে লিখিত দেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়।