কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভর্তি পরীক্ষার তারিখ ১৫ ও ১৬ নভেম্বর নির্ধারিত ছিল। এদিকে এ বছর চারটি ইউনিটে ২৫ হাজার ৪৬২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। এবার ১৪টি বিভাগে ৭০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এই হিসাবে প্রতিটি আসনে ভর্তির জন্য গড়ে ৩৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন সময়সূচি অনুযায়ী ১৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এ’ ও ‘বি’ ইউনিটের, দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ‘সি’ ইউনিটের এবং বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার্থীকে দুটি পাসপোর্ট আকারের ছবি আনতে বলা হয়েছে। ছবির পেছনে পরীক্ষার্থীর নাম, ভর্তি পরীক্ষার রোল নম্বর ও ইউনিটের নাম লিখে আনতে হবে। ওই দুটি ছবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.cou.ac.bd পাওয়া যাবে। এ ছাড়া ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়া এবং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে একই দিনে সব ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে পরীক্ষার্থীরা উপকৃত হবেন।