কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণির ১৭টি পদ শূন্য, কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের পদ শূন্য। পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে পরিচালক ও সহকারী পরিচালক নেই। অর্থ ও হিসাব বিভাগের পরিচালকের পদটিও শূন্য। নেই জনসংযোগ কর্মকর্তাও। এভাবে সব মিলিয়ে প্রথম শ্রেণির গুরুত্বপূর্ণ ১৭টি পদ শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, প্রথম শ্রেণির ৬০টি পদের মধ্যে ১৭টি শূন্য রয়েছে। এগুলো হলো পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক ও সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (অর্থ ও হিসাব), নেটওয়ার্ক প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, পিএস টু ভিসি, এস্টেট অফিসার, মেডিকেল অফিসার, জনসংযোগ কর্মকর্তা এবং সেকশন অফিসারের সাতটি পদ।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২৩৪ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। তাঁদের মধ্যে প্রথম শ্রেণিতে ৪৩ জন, দ্বিতীয় শ্রেণিতে ২২ জন, তৃতীয় শ্রেণিতে ৫২ জন ও চতুর্থ শ্রেণিতে ১১৭ জন।

বিশ্ববিদ্যালয়ের অন্তত আটজন কর্মকর্তা ও শিক্ষকের সঙ্গে আলাপ করে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই পদগুলোতে লোকবল না থাকায় প্রশাসনিক কার্যক্রম মন্থর গতিতে চলছে। নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে যুগোপযোগী পরিকল্পনা নেওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ কার্যক্রম ও ভবন নির্মাণে জটিলতা দেখা দিয়েছে। এ অবস্থায় পদগুলো দ্রুত পূরণ হওয়া দরকার বলে তাঁরা মন্তব্য করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান না থাকলে ওই দপ্তর এগোয় না। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক পেরিয়ে গেলেও এ পদগুলোর বেশির ভাগ সময়ই খালি ছিল। অনেক পদে ১০ বছরে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। দ্রুত জনবল নিয়োগ দিলে সার্বিক কর্মকাণ্ড আরও বাড়বে।

উপাচার্য মো. আলী আশরাফ বলেন, শূন্যপদে লোকবল নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হবে।