কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হচ্ছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা গতকাল সোমবারও ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেন এবং ভাঙচুর করেন।জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে দেন। এ সময় তাঁরা প্রশাসনিক ভবনের বেশ কয়েকটি জানালা ভাঙচুর করেন। বিকেল তিনটার দিকে পুলিশ গিয়ে তালা খুলে দেয়। এরপর শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হবে না বলে তিনি শিক্ষার্থীদের নিশ্চিত করেন।জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়নি। ভবিষ্যতে সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয় নামকরণের কোনো উদ্যোগ নিলে আমরা তাদের জানাব, শিক্ষার্থীরা নাম পরিবর্তনের পক্ষে নয়।’ কাজেই এ নিয়ে অহেতুক অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানান উপাচার্য।শিক্ষার্থীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। এর প্রতিবাদে গত বৃহস্পতি ও গত রোববার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা র্বজন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।