কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবদুর রহমানের সঙ্গে এক কর্মকর্তার অশোভন আচরণের প্রতিবাদে গতকাল মঙ্গলবার থেকে শিক্ষক ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে গতকাল বিশ্ববিদ্যালয়ে কোনো পাঠদান হয়নি। গতকাল রাতে শিক্ষক-কর্মকর্তাদের বৈঠকের পর শিক্ষক সমিতি ধর্মঘট স্থগিত ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, গত ২৩ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে অতিথিদের দুপুরের খাবার পরিবেশনের সময় সেকশন অফিসার মোহাম্মদ জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবদুর রহমানের সঙ্গে অশোভন আচরণ করেন। পরদিন ওই শিক্ষক বিষয়টি লিখিত আকারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই কর্মকর্তাকে কারণ দর্শাতে (শোকজ) বলে। ৩০ মার্চ কারণ দর্শানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. জাকির ছায়াদউল্লাহ খানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু শিক্ষক সমিতি তদন্তকাজ চলার সময় ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরানোর দাবি জানায়। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় গত সোমবার বেলা ১১টায় শিক্ষক সমিতির সাধারণ বৈঠক হয়। বৈঠকে শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
অভিযোগ প্রসঙ্গে সেকশন অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে আমিও অভিযোগ করেছি। আমার অভিযোগের কোনো তদন্ত হয়নি। উল্টো আমাকে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকদের এ আন্দোলন তদন্ত কমিটির কাজকে প্রভাবিত করতে পারে বলে আমি মনে করি।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘শিক্ষকের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে ক্লাস হয়নি। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘তদন্ত চলার সময় অন্য কোনো কর্মসূচি দেওয়া যায় না। তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত শিক্ষকদের অপেক্ষা করার দরকার ছিল। বিষয়টির সুরাহার জন্য আলোচনা হচ্ছে।’