প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরিবিধি ও পদোন্নতিসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পাঠদান (ক্লাস) ও পরীক্ষা বর্জন শুরু করেছে। একই সঙ্গে শিক্ষকেরা দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষক সমিতির অন্য দাবিগুলো হলো: চাকরি স্থায়ীকরণ, পারিতোষিক বণ্টন নীতিমালা ও নতুন শিক্ষাবর্ষের ক্লাস দ্রুত চালু করা। শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালের ২৮ মে শিক্ষা কার্যক্রম চালু হয়। এরপর বিভিন্ন সময়ে শিক্ষকেরা কর্তৃপক্ষের কাছে নানা দাবি জানালেও কোনো কাজ হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক সমিতি গত বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বৈঠক করে ওই কর্মসূচির ডাক দেয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগে কোনো পাঠদান ও পরীক্ষা হয়নি।