কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিবিরের পাঁচ সমর্থককে পিটুনি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সমর্থক পাঁচ শিক্ষার্থীকে ছাত্রলীগ ও ছাত্রদল-সমর্থিত নেতা-কর্মীরা পিটিয়ে আহত করেছেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাঁদের মারধর করা হয়। বিশ্ববিদ্যালয়ের একটি সাময়িকীতে শিবিরের নেতা-কর্মীদের লেখা ও জামায়াত নেতাদের ছবিসহ বিজ্ঞাপন ছাপা হওয়ায় তাঁদের পেটানো হয় বলে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়সাল আহমেদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে একটি সাময়িকী প্রকাশ করা হয়। সেটি প্রকাশ করার সব ব্যয়ভার ছাত্রশিবির ও জামায়াতের নেতারা বহন করেন। এর সম্পাদনা পরিষদে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের কর্মীদেরও নাম ছাপা হয়। এ ছাড়া কয়েকজন জামায়াত নেতার ব্যক্তিগত বিজ্ঞাপনও এতে ছাপা হয়। এ নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবিরকর্মীদের ওপর ক্ষুব্ধ হন।প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, গতকাল দুপুর সাড়ে ১২টায় ছাত্রশিবিরের সমর্থক শাহেদুল ইসলাম, আবু মুসা, শাহাদাৎ হোসেন, নুরুল আমিন ও আবুল কালামকে ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে রড দিয়ে পিটিয়ে আহত করেন। কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ আসে। ততক্ষণে ঘটনাস্থল থেকে সবাই সরে যায়। আহত শিবির-সমর্থকদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে মারধরের ঘটনার পর পুলিশ গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলে তল্লাশি চালায়। এ সময় শিবির-নিয়ন্ত্রিত কক্ষগুলো থেকে কিছু ইসলামি বই উদ্ধার করা হয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অর্থনীতির চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল আমিন বলেন, ছাত্রলীগ-ছাত্রদলসহ প্রগতিশীল সংগঠনগুলো শিবিরকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করেছে। ম্যাগাজিনে শিবিরের আধিপত্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত করার অভিযোগে তাদের প্রতিরোধ করা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, ‘ছাত্রদের দুটি পক্ষের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছে। পুলিশ আসার পর যার যার মতো করে সবাই চলে গেছে।’সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেছেন, এ নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।