কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলার পর ক্লাস-পরীক্ষা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের সমর্থক দাবিকারী ছাত্রদের একটি পক্ষ শিক্ষার্থীদের বহনকারী বাস আটক করে রাখায় গতকাল সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। গত রোববার কয়েকজন শিক্ষার্থীকে মারধরের জের ধরে গতকাল বাসগুলো আটক করা হয়। বাস আটক করা ছাত্ররা সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্ত ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।জানা গেছে, গত রোববার লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুর রহমানের নেতৃত্বে একদল ছাত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র নাজমুস সাকিব মজুমদার, মারুফ, রিফাত, মোশারফ, সোহাগ ও সুদীপকে বেধড়ক মারধর করেন। আহতদের সবাই মাহমুদুর রহমানের বিরোধী বলে পরিচিত মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মঈনউদ্দিন সফিকুর রহমানের সমর্থক। মাহমুদুর ও সফিকুর উভয়ই ছাত্রলীগের নেতা হিসেবে নিজেদের দাবি করেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গতকাল সকাল সাড়ে আটটায় শহর থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নেওয়ার জন্য পাঁচটি বাস রওনা হচ্ছিল। এ সময় সফিকুর রহমানের সমর্থকেরা বাসগুলো আটক করে রাখেন। বাসগুলো থেকে তাঁরা শিক্ষার্থীদের জোর করে নামিয়ে দিয়ে সেগুলো কুমিল্লা টাউন হল মাঠে এনে জড় করেন। ফলে ওই শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেতে পারেননি। গতকাল বিভিন্ন বিভাগের ক্লাস ছাড়াও হিসাববিজ্ঞান তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ৩১১ নম্বর কোর্সের ‘থিওরি অ্যান্ড প্র্যাকটিস অব ব্যাংকিং’ পরীক্ষা ছিল। এ ছাড়া ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের মৌখিক পরীক্ষা ছিল। কিন্তু বাস যেতে না পারায় কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। বিকেলে সফিকুরের সমর্থকেরা শহরে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ রোববারের ঘটনার বিচার দাবি করেন। এ বিষয়ে মাহমুদুর রহমান বলেন, ‘দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিব তৃতীয় বর্ষের শরীফকে খারাপ কথা বলায় রোববারের ঘটনা ঘটে।’ মঈনউদ্দিন সফিকুর রহমান বলেন, রোববার তাঁদের ছেলেদের ওপর হামলা চালানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর বিচার না করায় তাঁরা গাড়ি আটক করেছেন। কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই এবং এখনো ছাত্ররাজনীতি চালু হয়নি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে কেউ কেউ নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। আমরা তাঁদের কর্মকাণ্ড সমর্থন করি না।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বাস আটকের কারণে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিচার না চেয়ে শিক্ষার্থীদের একটি পক্ষ বাস আটকে রাখবে, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। বাইরের শক্তির ইন্ধনে এসব হচ্ছে। যেখানে ছাত্ররাজনীতি নেই, সেখানে এসব করে ক্ষতিটা ছাত্র ও অভিভাবকদেরই হচ্ছে। শিক্ষকদের বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনা কোনো সভ্য দেশে নেই। চেষ্টা করছি, কী করা যায়।’প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি না থাকলেও মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এখানে ছাত্রলীগের পরিচয়ে দুটি পক্ষ রাজনৈতিক তৎপরতা শুরু করে। এদের একটি ‘স্থানীয়’ পক্ষ এবং অপরটি ‘শহর’ পক্ষ বলে পরিচিত। স্থানীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছেন লোকপ্রশাসন তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুর রহমান। অন্যদিকে শহর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মঈনউদ্দিন সফিকুর রহমান। এ দুজনের সমর্থকেরা ইতিমধ্যে বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়েছেন। উভয় পক্ষকে উচ্চপদস্থ নেতা ও সাংসদেরা সমর্থন দিয়ে আসছেন।