কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়েছে পুলিশ। বিস্ফোরণে দগ্ধ অপর ছাত্রী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে আদালতে হাজির করা যায়নি। আগামী রোববার রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে। 

পুলিশের দাবি, ওই তিন ছাত্রী ইসলামী ছাত্রী সংস্থার রাজনীতির সঙ্গে জড়িত। ভয়াবহ তরলজাতীয় বিস্ফোরক তৈরির চেষ্টা করছিলেন তাঁরা।
গত মঙ্গলবার সকাল ছয়টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সালমানপুর গ্রামে বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মৃধার বাসায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ওই বাড়িতে ওই তিন ছাত্রী ভাড়া থাকতেন। বিস্ফোরণে ওই ভবনের নিচতলার জানালার গ্রিল উড়ে যায় ও কাচ ভেঙে যায়।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কুমিল্লার বিচারিক হাকিম নাজমুন নাহার সুমীর আদালতে হাজির করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুন্নাহার ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মর্জিনা আক্তারকে। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) খাদেমুল বাহার দুই ছাত্রীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আগামী রোববার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে দুই আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বুধবার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল বাশার বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তিন ছাত্রীর বিরুদ্ধে একটি মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় বিস্ফোরণে দগ্ধ ফাহমিদা হাসানকে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়। ফাহমিদা সুস্থ হওয়ার পর তাঁকে আদালতে তোলা হবে। এর আগে আটক ছয় ছাত্রীর মধ্যে চারজনকে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এঁদের একজন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শিরিন আক্তার বলেন, ‘ঘটনার পর আওয়াজ শুনে দ্বিতীয়তলার সিঁড়িতে নেমে দেখি ফাহমিদা বসে আসে। বলছে, আপু আমাকে বাঁচান, ধরেন। আমি বাঁচতে চাই। বাড়ির মালিককে ডেকে আনি। দুজনে ফাহমিদাকে বাথরুমে নিয়ে পানি দিই। পরে ইসরাত নামের একজনকে সঙ্গে নিয়ে আমি সিএনজিচালিত অটোরিকশা করে ফাহমিদাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাই। কেউ হাসপাতালে যেতে না চাওয়ায় মানবিক কারণে আমরা তাঁকে নিয়ে যাই।’
বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, ভয়াবহ ধরনের তরলজাতীয় কিছু (হাই এক্সক্লুসিভ লিকুইড) বানাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফাহমিদা হাসান। এ সময় পাশের কক্ষে থাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নুরুন্নাহার ও মর্জিনা আক্তার তাঁকে সহযোগিতা করেন। ওই তিন ছাত্রী ইসলামী ছাত্রী সংস্থার রাজনীতির সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
পুলিশ সুপার জানান, ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের সহকারী পুলিশ সুপার আবদুস সালামের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন শেষে কিছু আলামত রাসায়নিক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
এদিকে ছাত্রীদের পরিবার ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে তাঁদের জড়িত থাকার বিষয় অস্বীকার করেছে।
ফাহমিদা হাসানের বাবা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদের সচিব আবু হাসান বলেন, ‘ছোটবেলা থেকেই আমার মেয়ে মেধাবী। পড়াশোনা ছাড়া ও কিছু বুঝত না। সে কোনো রাজনীতি করত না।’
নুরুন্নাহারের বাবা নূর হোসেন ও মা ঝরনা বেগম বলেন, ‘আমাদের মেয়ে কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না।’ নুরুন্নাহারের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার জগজীবনপুর গ্রামে। তবে তাঁরা দীর্ঘদিন ধরে রাজধানীর রায়েরবাগ-সংলগ্ন মেরাজ নগরে বসবাস করছেন।
আরেক ছাত্রী মর্জিনা আক্তারের গ্রামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পেরুল গ্রামে। বাবার নাম আলী মিয়া ও মায়ের নাম ফিরোজা বেগম। মর্জিনার ভাই কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদ আহমেদ দাবি করেন, তাঁর বোন ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত নন।