কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হচ্ছে না এবং এই নামের সঙ্গে কোনো শব্দ সংযোজনও করা হচ্ছে না। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন না করার দাবিতে গতকাল বিকেলে কুমিল্লা শহরের কান্দিরপাড়ের পূবালী চত্বরে মানববন্ধন করা হয়। কুমিল্লার সচেতন নাগরিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও পেশাজীবীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তি: সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে ‘কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামকরণ করা হচ্ছে মর্মে কয়েক দিন ধরে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হচ্ছে, যা আদৌ সত্য নয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের সংশ্লিষ্ট ধারায় বিজ্ঞান ও প্রযুক্তি শব্দ সংযোজনের লক্ষ্যে সিন্ডিকেটের অনুমোদনক্রমে বিধি মোতাবেক প্রস্তাব পাঠানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে। এর সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের কোনো সংশ্লিষ্টতা নেই।মানববন্ধন: গতকাল মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার আহ্বায়ক বদরুল হুদা, দৈনিক আমাদের কুমিল্লার সম্পাদক আলী হোসেন চৌধুরী, কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি মো. ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি কবিরুল ইসলাম শিকদার প্রমুখ।বক্তারা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লাবাসীর ৪০ বছরেরও বেশি সময়ের সংগ্রামের ফসল। হঠাৎ করে এ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ সংযোজন করা কোনো অবস্থাতেই কাম্য নয়। ছাত্রদলের সংবাদ সম্মেলন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন না করার দাবিতে গত মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে কুমিল্লা জেলা ছাত্রদল। শহরের কান্দিরপাড়ের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।