কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের পক্ষে বাহাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৬ আসনের (আদর্শ সদর ও সদর দক্ষিণের একাংশ) আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হবে। বিগত আওয়ামী লীগ সরকার এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছিল ‘কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। এ নামের ব্যাপারে ২০০১ সালে জাতীয় সংসদে আইনও পাস হয়। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে ওই নাম বদলে দেয়। তাই এখন সময় এসেছে আগের নামে ফিরে যাওয়ার।গতকাল রোববার বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে ইভ টিজিং ও মাদকবিরোধী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এম এ এন ছিদ্দিক, কুমিল্লার জেলা প্রশাসক মো. জামাল হোসাইন ও পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।সাংসদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। যাঁরা নতুন নামকরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাঁরা ঘোলা পানিতে মাছ শিকার করছেন বলেও মন্তব্য করেন সাংসদ। সমাবেশে সাংসদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণের পক্ষে উপস্থিত লোকজনের সমর্থন চান। এ সময় শত শত শিক্ষার্থী ও সুধী হাত উঁচিয়ে ওই নামকরণের পক্ষে সমর্থন জানান।ছাত্রদলের মানববন্ধন: এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন না করার দাবিতে গতকাল বিকেলে কুমিল্লা টাউন হল মাঠের সামনের সড়কে মানববন্ধন করে জেলা ছাত্রদল। মানববন্ধনে জেলা ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।