কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আদালতের রায় পেয়েও যোগ দিতে পারলেন না রেজিস্ট্রার!’ শীর্ষক প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর ৫ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়। উপাচার্যের পক্ষে ওই প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. দলিলুর রহমান। এতে তিনি উল্লেখ করেন, ‘মজিবুর রহমান মজুমদার উপাচার্য অফিসে রায়ের কোনো কপি জমা দেননি। মজিবুর রহমান ক্যাম্পাসে এসেছিলেন কি না, আমার জানা নেই। সুতরাং তাঁকে যোগদান করতে দিইনি কথাটি ঠিক নয়।’প্রতিবেদকের বক্তব্য: ‘উপাচার্যের সাক্ষাৎ পেয়ে রেজিস্ট্রার দপ্তর ও উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তার কাছে রায়ের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র রেখে আসি।’ প্রকৃতপক্ষে এখানে পড়তে হবে উপাচার্যের সাক্ষাৎ ‘না’ পেয়ে...। প্রতিবাদপত্রে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কেউ কর্মরত নেই। অথচ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডায়েরি ২০১৩-এর ১৮ নম্বর পাতায় উপাচার্যের অফিসে পিএস টু ভিসি (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে মো. দলিলুর রহমানের নাম উল্লেখ রয়েছে। তা ছাড়া মজিবুর রহমান মজুমদার গত বুধবার রায়ের আদেশ ও যোগদানপত্র জমা দেওয়ার কথা নিজেই জানিয়েছেন। এটা প্রতিবেদকের নিজের কোনো বক্তব্য নয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, মজিবুর রহমান মজুমদার উপাচার্যের দপ্তরে বুধবার সকাল ১০টায় হাজির হন।