কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মরণিকার মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বেলা দুইটা ৩০ মিনিটে বৈরী আবহাওয়ার মধ্যে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। রং-বেরঙের বেলুন, ফেস্টুন নিয়ে এবং বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা ও ভবন ঘুরে প্রতিষ্ঠাবার্ষিকী মঞ্চের সামনে এসে শেষ হয়৷ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন উপাচার্য মো. আলী আশরাফ। বক্তব্য দেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান। পরে সংগীতানুষ্ঠান হয়৷