কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এক সপ্তাহ ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। ওই বিভাগের প্রথম বষের্র দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও ছাত্রলীগের সদস্য নূরুল আমিনের আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা বিভাগে না আসায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একই বিভাগের ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গত বছরের ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নূরুল আমিনকে আজীবনের জন্য বহিষ্কার করে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৩১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ২২ মে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একদল কর্মী বাংলা বিভাগের শ্রেণীকক্ষ ও শিক্ষকদের কক্ষে তালা দেন। পরদিন বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ৪২ জন শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষা ছিল। শ্রেণীকক্ষে তালা থাকায় শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এর পর থেকে শিক্ষার্থীরা না আসায় ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘ছাত্রলীগের ওই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তালা দেওয়া হয়েছিল। সাধারণ শিক্ষার্থীরা বিভাগে না আসায় বর্তমানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।’ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘বাংলা বিভাগে তালা দেওয়ার ঘটনায় অর্থনীতি বিভাগের প্রধান জাকির ছায়াদুল্লাহ খানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই করণীয় কী, তা ঠিক করা হবে।’ তদন্ত কমিটির প্রধান জাকির ছায়াদুল্লাহ খান বলেন, ‘চিঠি পেয়েছি। তবে এখনো তদন্তকাজ শুরু করিনি।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান দাবি করেন, বাংলা বিভাগের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ ও শিক্ষকদের কক্ষে তালা দিয়েছেন। ছাত্রলীগ বিভাগের কোনো কক্ষে তালা দেয়নি। তবে ছাত্রলীগের পক্ষ থেকে তাঁরা নূরুল আমিনের আজীবনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন।