কুমিল্লা বোর্ডে নতুন ছয়টি কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় নতুন ছয়টি কেন্দ্র যোগ হয়েছে। এ বছর বোর্ডের অধীনে পরীক্ষার্থী ও বিদ্যালয়ের সংখ্যা বেড়ে যাওয়ায় কেন্দ্র বাড়ানো হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ।
আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম বলেন, এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ১ লাখ ৮৩ হাজার ৬৮৪ জন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে। এর মধ্যে মেয়ে ১ লাখ ৪১০ জন ও ছেলে ৮৩ হাজার ২৭৪ জন। গত বছর ১ লাখ ৬০ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী ছিল। এবার বোর্ডের ১ হাজার ৬৯৭টি বিদ্যালয়ের জন্য পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২৪১টি।
নতুন ছয়টি পরীক্ষাকেন্দ্র হলো কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি এ উচ্চবিদ্যালয় ও কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আলহাজ তফাজ্জল ঢালী উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয়, ফেনীর সদর উপজেলার ধলিয়া উচ্চবিদ্যালয়, সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয় ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাছপুর উচ্চবিদ্যালয়।
বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল খালেক বলেন, পরীক্ষার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।