জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫-এর দিক থেকে ছেলেরা এগিয়ে। ফলাফলে এই বোর্ডে প্রথম স্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এদিকে গ্রামাঞ্চলের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান সেরা ২০ স্কুলের তালিকায় উঠে এসেছে।এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৬৮২। এর মধ্যে কৃতকার্য হয়েছে এক লাখ ১০ হাজার ৮৪৭ জন। পাসের হার শতকরা ৭৩ দশমিক ৫৬ ভাগ। ছাত্রদের পাসের হার ৭৮ দশমিক ৩৪ আর ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭৯ ভাগ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬২৪ জন। এর মধ্যে ৩২০ জন ছাত্র আর ৩০৪ জন ছাত্রী।কুমিল্লা জিলা স্কুল থেকে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে। স্কুলটির ৩৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ জন জিপিএ-৫ পেয়েছে।মেয়েদের পিছিয়ে পড়া প্রসঙ্গে কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, গ্রামাঞ্চলের অভিভাবকদের নজরদারির অভাব, দক্ষ শিক্ষকের স্বল্পতা, পারিবারিক কাজে ছাত্রীদের ব্যস্ত থাকাসহ নানা ধরনের বৈষম্যের কারণে মেয়েরা ছেলেদের চেয়ে পিছিয়ে পড়ছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শিক্ষার্থীরা যে ফলাফল করেছে, তাতে আমি খুশি।’গ্রামাঞ্চলের চার স্কুলের সাফল্য: জেএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে গ্রামাঞ্চলের চারটি স্কুল ভালো ফলাফল করেছে। স্কুলগুলো হলো: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা বহুমুখী উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর সদর উপজেলার প্রতাপগঞ্জ হাইস্কুল, চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার উচ্চবিদ্যালয় ও কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয়। এর মধ্যে বজরা বহুমুখী উচ্চবিদ্যালয় সেরা ২০ স্কুলের মধ্যে ১২তম হয়েছে। স্কুলটির ৩৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫৪ জন পাস করেছে। তবে স্কুলটি থেকে কেউ জিপিএ-৫ পায়নি। প্রতাপগঞ্জ হাইস্কুল বোর্ডে ১৫তম স্থান অর্জন করেছে। সেখানকার ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে তিনজন। সাচার উচ্চবিদ্যালয়ের ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র দুজন অকৃতকার্য হয়েছে। স্কুলটি থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন। স্কুলটির বোর্ডে অবস্থান ১৯তম স্থানে। অন্যদিকে আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয়ের ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র দুজন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে সাতজন। বোর্ডে স্কুলটির অবস্থান ২০তম স্থানে।আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সিরাজ উদ্দিন বলেন, নিয়মিত ক্লাস ও পরীক্ষার কারণে বিদ্যালয়ের ফলাফল ভালো হয়েছে।বোর্ডে প্রথম ফেনী গার্লস ক্যাডেট কলেজ: জেএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে প্রথম স্থান দখল করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন।ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী ফাতেমা ইসলাম তার প্রতিক্রিয়ায় প্রথম আলোকে জানায়, ভালো ফলাফলের জন্য নিজের চেষ্টার পাশাপাশি ছিল শিক্ষক ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা। ভবিষ্যতে চিকিৎসক হয়ে সেনাবাহিনীতে কাজ কতে চায় ফাতেমা।ভালো ফলাফলে খুশি শিক্ষার্থী নুসরাত আরা জানায়, সে ইলেকট্রিক্যাল প্রকৌশলী হতে চায়।কলেজের অধ্যক্ষ মো. বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, ভালো ফলাফল কারও একক কৃতিত্বে হয়নি। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টা ছিল। ভবিষ্যতে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কুমিল্লা বোর্ডে সপ্তম স্থান অর্জন করেছে। এই বিদ্যালয়ে ২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।ফলাফলে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের অবস্থান ১৭তম স্থানে। এ বিদ্যালয় থেকে ২৩৪ জন পরীক্ষা দিয়েছে। পাস করেছে ২৩২ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।অকৃতকার্য বেশি ইংরেজি ও গণিতে: জেএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ইংরেজিতে অকৃতকার্য হয়েছে ১৯ হাজার ৮৪ জন আর গণিতে ২৭ হাজার ৫৩২ জন। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক প্রথম আলোকে এ তথ্য জানান।কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী বলেন, ইংরেজি ও গণিতের দক্ষ শিক্ষকের অভাব থাকায় এই ফলাফল হয়েছে। তিনি বলেন, আগে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ইংরেজি ও গণিতে অভিজ্ঞ থাকতেন। তাঁরা ক্লাস নিতেন। এখন সেই মানের শিক্ষক নেই।