কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে চার গুণের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ বেড়েছে চার গুণেরও বেশি। তবে পাসের হার গতবারের চেয়ে কিছুটা কমেছে। শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যাও কমেছে। পাসের হারে ছেলেরা ও জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে আছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী জানান, বেশি জিপিএ-৫ পেলেই প্রকৃত জ্ঞানচর্চা হচ্ছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। এখনকার শিক্ষাব্যবস্থা ফর্মুলা সিস্টেম। পরীক্ষার সিস্টেমের কারণেই জিপিএ-৫-এর সংখ্যা বাড়ছে। এ শিক্ষার্থীদের অনেকেই এসএসসি ও এইচএসসিতে ওই ফল অব্যাহত রাখতে পারবে না বলে আশঙ্কা রয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, ২০১৩ সালে জেএসসি পরীক্ষায় বোর্ডের অধিভুক্ত ছয়টি জেলার এক হাজার ৮৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৯৪ হাজার ৫৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে এক লাখ ৭৫ হাজার ৯৬৯ জন। পাসের হার ৯০ দশমিক ৪৫। ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৬২, মেয়েদের ৮৯ দশমিক ৫৬। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৯৫ জন। এর মধ্যে ছেলে ছয় হাজার ৬৬৫ জন, মেয়ে নয় হাজার ৪৩০ জন। এ বছর শতভাগ পাস করেছে ৩১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
২০১২ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ৮৬। এবার পাসের হার কমেছে ১ দশমিক ৪১ ভাগ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ৭৬৩ জন। এ বছর জিপিএ-৫ এক লাফেই বেড়েছে ১২ হাজার ৩৩২। বোর্ডে সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল, দ্বিতীয় কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও তৃতীয় কুমিল্লা মডার্ন হাইস্কুল। সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার ১০টি, ফেনীর তিনটি, চাঁদপুরের তিনটি, নোয়াখালীর তিনটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বিদ্যালয় রয়েছে।
ক্যাডেট কলেজের মধ্যে এবার ফেনী গার্লস ক্যাডেট কলেজ চতুর্থ ও কুমিল্লা ক্যাডেট কলেজ ষষ্ঠ স্থানে রয়েছে। উভয় ক্যাডেট কলেজের সবাই জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এ বছর চতুর্থ বিষয় থাকায় জিপিএ-৫ বেড়েছে। অবরোধ, হরতাল না থাকলে পাসের হারও বাড়ত। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাসেম মিয়া বলেন, ‘বোর্ডের সার্বিক ফলে আমরা সন্তুষ্ট। দেশে অস্থিরতা কম থাকলে আরও ভালো করত খুদে শিক্ষার্থীরা।’