কুমিল্লা বোর্ডে জেএসসিতে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। কাল রোববার থেকে ওই বোর্ডসহ দেশের সব বোর্ডে একযোগে ওই পরীক্ষা শুরু হবে। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানান, এ বছর কুমিল্লা বোর্ড থেকে এক লাখ ৮৯ হাজার ৩০৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলে ৮০ হাজার ৭৭৮ জন এবং মেয়ে এক লাখ আট হাজার ৫২৬ জন। বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ২৬১টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর এই বোর্ডে জেএসসি পরীক্ষায় দুই লাখ ৬৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এবার পরীক্ষার্থী কমেছে ১১ হাজার ৩৬৩ জন। এর মধ্যে ছেলে তিন হাজার ৫৪৩ জন এবং মেয়ে সাত হাজার ৮২০ জন। এ বছর পরীক্ষা কেন্দ্র নয়টি ও শিক্ষাপ্রতিষ্ঠান ছয়টি বেড়েছে। জানতে চাইলে বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস বলেন, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রেই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব। পরীক্ষার্থীর সংখ্যা কমলেও অবস্থানগত দূরত্ব ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ায় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।