কুমিল্লা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে
গ্রেডিং পদ্ধতি চালুর পর কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে এবারই পাসের হার সর্বোচ্চ, ৮১ দশমিক শূন্য ৩। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৭৭। বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৮৬৩ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ২০২ জন। এবার ছাত্রীদের চেয়ে ছাত্রদের পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেশি।বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডের অধীনে এক লাখ দুই হাজার ৩০৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮২ হাজার ৬৯৪ জন। পাসের হার ৮১ দশমিক শূন্য ৩। বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৩১৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ হাজার ৪১৫ জন, পাসের হার ৯০ দশমিক ২৭। মানবিক বিভাগে ২০ হাজার ২৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৩ হাজার ৮৭১ জন, পাসের হার ৬৮ দশমিক ৭৩। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬২ হাজার ৭২৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫১ হাজার ৪০৮ জন, পাসের হার ৮২ দশমিক ১৫। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৮৩, মানবিকে ১০১ এবং ব্যবসায় শিক্ষায় পাস করেছে এক হাজার ২৭৯ জন।শিক্ষাবিদ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটা অস্বাভাবিক কিছু নয়। পদ্ধতির কারণে এবং সিলেবাসে বৈচিত্র্য থাকায় এ ফল হয়েছে। একই সঙ্গে ছেলেরা পড়াশোনায় মনোযোগী হওয়ায় তারা ভালো ফল করেছে।’পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বাড়ার বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, ‘খাতা সহজ করে দেখার কারণে কুমিল্লা বোর্ডে এই ফল হয়েছে। যতটুকু জেনেছি, উত্তর যথাযথভাবে না হলেও নম্বর প্রদান করার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল।’বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সব মহলের ইতিবাচক সহযোগিতার কারণে এ ফল হয়েছে।ছাত্ররা এগিয়ে: এ বছর এই বোর্ডের অধীনে ৪২ হাজার ১২৯ জন ছাত্র ও ৪০ হাজার ৫৬৫ জন ছাত্রী পাস করেছে। ছাত্রদের পাসের হার ৮৪ দশমিক ৬৯ ও ছাত্রীদের ৭৭ দশমিক ৫৬। অর্থাৎ ছাত্রদের পাসের হার ৭ দশমিক ১৩ শতাংশ বেশি। বিজ্ঞানে জিপিএ-৫ পাওয়া চার হাজার ৪৮৩ জনের মধ্যে দুই হাজার ৭৮৬ জন ছাত্র, ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পাওয়া এক হাজার ২৭৯ জনের মধ্যে ৬৮৮ জন ছাত্র। তবে মানবিকে জিপিএ-৫ পাওয়া ১০১ জনের মধ্যে মাত্র ২১ জন ছাত্র, বাকি ৮০ জনই ছাত্রী। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে ছাত্রীর সংখ্যা বেশি ছিল।এ প্রসঙ্গে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, ‘গ্রামের মেয়েরা নানা কারণে কাঙ্ক্ষিত শিক্ষার সুযোগ না পাওয়ায় একটু পিছিয়ে পড়েছে। তা ছাড়া দক্ষ শিক্ষকেরও অভাব রয়েছে। ফলে গ্রামের মেয়েদের ফলের সঙ্গে শহরের মেয়েদের ফল যোগ করতে গিয়ে তারা পিছিয়ে গেছে।’৮৫ বিদ্যালয়ের সবাই পাস করেছে: বোর্ডের এক হাজার ৫৩৪টি বিদ্যালয়ের মধ্যে ৮৫টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী পাস করেছে। এর আগে ২০০৯ সালে ৪৫টি, ২০০৮ সালে ৭২টি, ২০০৭ সালে ছয়টি, ২০০৬ সালে ৩২টি ও ২০০৫ সালে ১৭টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী পাস করেছিল।