কুমিল্লা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। পাসের হারে ছেলেরা ও জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে আছে। একই সঙ্গে বেড়েছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। গতকাল মঙ্গলবার ওই ফল প্রকাশিত হয়।
ফল ঘোষণার পর শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে হইহুল্লোড় করে কৃতী শিক্ষার্থীরা। খুদে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শিক্ষক ও অভিভাবকেরাও।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালে এই বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৮২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২ লাখ ৯ হাজার ৪৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৭৫। ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৭৫ এবং মেয়েদের পাসের হার ৯৩। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ২৬৪ জন। এর মধ্যে ছেলে ৭ হাজার ১১০ জন ও মেয়ে ১০ হাজার ১৫৪ জন। এবার বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১ হাজার ৭৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর পরীক্ষার্থী ছিল ৯৪ হাজার ৫৫০ জন। পাসের হার ছিল ৯০ দশমিক ৪৫ ও জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৯৫ জন। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩১৪টি।
এদিকে বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম কুমিল্লা জিলা স্কুল, দ্বিতীয় কুমিল্লা শহরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, তৃতীয় যৌথভাবে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ। সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলার ১০টি, ফেনীর ৪, চাঁদপুরের ৩, নোয়াখালীর ২ ও ব্রাহ্মণবাড়িয়ার ১টি। লক্ষ্মীপুর জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সেরা প্রতিষ্ঠানের তালিকায় নেই।
কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলে পাসের হার শতভাগ। জিলা স্কুলে ৩৩৬ জন, ফয়জুন্নেছায় ২৭৬ এবং আওয়ার লেডিতে ৯১ জন জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী তানভীর আহমেদ ও ফাহমিদুল হক বলে, ‘সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছি। তাই খুশি লাগছে।’
জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, নিয়মিত পাঠদান, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা পর্যবেক্ষণ ও ক্লাস টেস্টের কারণে এই ফল হয়েছে।
কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ হারুনূর রশীদ বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের একমাত্র লক্ষ্য জিপিএ-৫। মুখস্থ করে জিপিএ-৫ পাওয়া সহজ, কিন্তু উচ্চশিক্ষায় ওই জ্ঞান কতটুকু কাজে লাগবে, সেটা নিয়ে ভাবতে হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইন্দুভূষণ ভৌমিক বলেন, ‘সার্বিক ফলে খুশি আমি। তবে পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ আরও পেলে ভালো হতো।’