পুনর্নিরীক্ষার প্রকাশিত ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০১০ সালের ৩০ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষার জন্য আবেদন করা ৩১ পরীক্ষার্থীর মধ্যে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে নয়জন, জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে তিনজনের, জিপিএর সংখ্যা বেড়েছে নয়জনের, নতুন করে উত্তীর্ণ (পাস) হয়েছে নয়জন এবং ফেল করেছে একজন। ফলে পাসের হারও বেড়েছে। এদিকে বিলম্বে উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ হওয়ায় ওই শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারেনি। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উদাসীনতার কারণে ওই অবস্থা হয়েছে বলে ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের স্বজনেরা অভিযোগ করেছে। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ গত রোববার প্রথম আলোকে বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের করার কিছু নেই। টেলিটক থেকে ফল পেতে বিলম্ব হওয়ায় এ অবস্থা হয়েছে। অন্য বোর্ডগুলো কিছু রেজাল্ট দিয়েছে। এখনো দিচ্ছে। শিক্ষার্থীদের এ ক্ষেত্রে অসুবিধা হয়েছে।’