কুমিল্লা বোর্ডে ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রথম
কুমিল্লা বোর্ডের অধীন জুনিয়র সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে মেধাতালিকায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রথম স্থান দখল করেছে। এ কলেজ থেকে ৫৯ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া বোর্ডে সেরা দশের তালিকায় রয়েছে ফেনীর আরও দুটি বিদ্যালয়। এগুলো হলো: ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে। এখান থেকে ১৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন। আর পাইলট উচ্চবিদ্যালয়ের অবস্থান দশম। এখান থেকে ২৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৪৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। কুমিল্লা বোর্ডের মেধাতালিকায় ১৮তম স্থানে রয়েছে ফেনী শাহীন একাডেমি। এখান থেকে ৩৮২ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান বলেন, সব ক্যাডেটের ঐকান্তিক চেষ্টা, শিক্ষকদের নিবিড় পাঠদান এবং অভিভাবকদের একান্ত অনুপ্রেরণায় এ ফল অর্জন সম্ভব হয়েছে।