কুমিল্লা বোর্ডের সেরার তালিকায় চাঁদপুরের পাঁচ কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় সেরা ২০-এর মধ্যে চাঁদপুর জেলার পাঁচটি কলেজ স্থান করে নিয়েছে। বোর্ডে চতুর্থ স্থান অর্জন করেছে আল-আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন। পাসের হার ৬৪ দশমিক ৩৭। বোর্ডে অষ্টম হয়েছে হাজীগঞ্জ মডেল কলেজ। এখানে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন এবং পাসের হার ৫৯ দশমিক ১৬। ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে বোর্ডে ১৫তম স্থান অর্জন করেছে চাঁদপুর সরকারি কলেজ। পাসের হার ৫৪ দশমিক ৮৫। ১৩ জন জিপিএ-৫ পেয়ে পুরানবাজার ডিগ্রি কলেজ বোর্ডে ১৭তম স্থান লাভ করে। পাসের হার ৫৪ দশমিক ২১। চাঁদপুর সরকারি মহিলা কলেজে ২৪ জন জিপিএ-৫ পেয়েছেন। কলেজটি বোর্ডে ১৮তম স্থান অর্জন করেছে। এ কলেজে পাসের হার ৫৪ দশমিক ১১। চাঁদপুরের সরকারি-বেসরকারি মোট ৪৭টি কলেজ থেকে এ বছর ১৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে ফলাফল হস্তান্তর করেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা। এ সময় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউল ইসলাম উপস্থিত ছিলেন।